পদোন্নতির জন্য প্রশাসনের যেসব কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজনীয় নম্বর নেই তাঁদের সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য বিভিন্ন স্তরে (উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব) বঞ্চিতদের উপযুক্ততা প্রমাণ পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাপন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হচ্ছে।সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, ৫০৪ জন কর্মকর্তা রয়েছেন যাঁদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজনীয় নম্বর নেই। এর মধ্যে জ্যেষ্ঠ সহকারী সচিব ২৫২, উপসচিব ১৩৯, যুগ্ম সচিব ১৩২ ও অতিরিক্ত সচিব রয়েছেন ২১ জন।প্রসঙ্গত ২০০২ সালের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির নীতিমালার ২ (ঙ) নামে একটি ধারা আছে। তাতে বলা আছে, কোনো কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতার জন্য নির্ধারিত ২৫ নম্বরের মধ্যে ১৫ নম্বরের কম পেলে তিনি সক্ষমতা অর্জন পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন।জানা যায়, আলোচ্য কর্মকর্তাদের নম্বর কম থাকায় তাঁদের নীতিমালা অনুযায়ী পরীক্ষা দিতে অনুরোধ জানিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে চিঠি দেওয়া শুরু হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে আগ্রহী ব্যক্তিদের সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী এ সুযোগ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো আমাদের কর্তব্য। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা আবেদন করলে পিএসসিকে সক্ষমতা অর্জন পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। নম্বর নেই—এমন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রথম শ্রেণীর ক্যাডার পদে নিয়োগ লাভের যোগ্যতা স্নাতক পাস। এখন অনেকে মাস্টার্স বা পিএইচডি করেও নিয়োগ নিচ্ছে। আবার অনেকে চাকরিতে থেকেও উচ্চতর শিক্ষা গ্রহণ করে বেশি নম্বর পাচ্ছেন। যাঁদের এ সুযোগ নেই তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাঁদের মতে, পদোন্নতির এ নীতিমালা চাকরির জন্য পরীক্ষা বিধির পরিপন্থী। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোটের সময় কিছু কর্মকর্তাকে পদোন্নতির বাইরে রাখার জন্য এটি করা হয়েছিল। বিশেষ করে ১৯৭৩ সালে স্নাতকধারী যাঁরা চাকরিতে প্রবেশ করেন তাঁদের পদোন্নতি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়। এখন এটি বহাল রাখা অনুচিত। কারণ অনেকে পারিবারিক ও আর্থিক পরিস্থিতির কারণেও উচ্চতর শিক্ষা গ্রহণে ব্যর্থ হয়েছেন। তার মানে এই নয় যে তাঁরা উচ্চতর পদের জন্য অযোগ্য।