পদোন্নতির অনিয়ম খতিয়ে দেখতে সংসদীয় উপকমিটি গঠন
বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনে পদোন্নতি নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখবে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।উপকমিটি আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এতে পদোন্নতিতে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে প্রতিবারই যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তাকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে একসঙ্গে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় পদোন্নতি। এবারও যোগ্য ৫০০-এর বেশি কর্মকর্তাকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর যোগ্য হওয়ার পরও বাদ পড়া কর্মকর্তারা সরকারের নির্দেশেই তাঁদের পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত না পেয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী প্রথম আলোকে বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা পদোন্নতিবঞ্চিত হয়েছেন, তাঁদের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, তাঁরা যেন আবেদন করেন। সে অনুযায়ী আবেদনও জমা পড়ে। যাচাই-বাছাইয়ের সময় কমিটি এগুলোকে প্রাধান্য দেবে।বৈঠক সূত্রে আরও জানা গেছে, বর্তমান সরকারের সময় অন্যান্য ক্ষেত্রে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোও যাচাই করা হবে। যোগ্যতা থাকার পরও বঞ্চিতদের পদোন্নতি না পাওয়ার কারণ তদন্ত করে দেখবে উপকমিটি।গতকাল বৈঠকের পর কমিটির সদস্য এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, হয়ে থাকলে তা কী ধরনের, উপকমিটি তা খতিয়ে দেখবে। বৈঠকে সংসদে উত্থাপিত ‘মেম্বারস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২’ পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়। ৪ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।কমিটির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম গোলাম মোস্তফা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জাহানারা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রমুখ। সংসদীয় কমিটির গঠিত উপকমিটির আহ্বায়ক এ বি এম গোলাম মোস্তফা। অন্য সদস্যরা হলেন: বরকত উল্লা বুলু, এম এ মান্নান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও মো. আবু তালহা।