অসুস্থ হলে রাষ্ট্রপতি প্রমার্জনায় পদোন্নতি পাওয়া চিকিৎসকদের শরণাপন্ন হবেন কি না, তা জানতে চেয়েছে বিএনপি-সমর্থক বলে পরিচিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল বুধবার ড্যাব পদোন্নতির আদেশ বাতিল ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পদত্যাগ দাবি করেছে। গত ৩১ মার্চ সরকার এক হাজার ৫০০ চিকিৎসককে পদোন্নতি দেয়। শর্ত পূরণ না হওয়ায় বেশ কয়েকজন চিকিৎসক নেতাকে রাষ্ট্রপতির প্রমার্জনায় পদোন্নতি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ড্যাব গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে। ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘একজন রোগীর অপারেশনের জটিলতা, জটিল রোগের চিকিৎসা, রোগ নিরাময়, ভবিষ্যতের চিকিৎসক তৈরি কি রাষ্ট্রপতির প্রমার্জনার মাধ্যমে অতিক্রম করা সম্ভব? তাঁর প্রতি প্রশ্ন থাকল, তিনি যদি অসুস্থ হন, তাহলে এসব চিকিৎসকের সেবা কি তিনি গ্রহণ করবেন?’ ড্যাবের দাবি রাষ্ট্রপতির প্রমার্জনার নামে ঢালাওভাবে যাঁদের বুনিয়াদি প্রশিক্ষণ নেই, যাঁরা সিনিয়র স্কেল পরীক্ষায় পাস করতে পারেননি, যাঁদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা নেই—তাঁদের পদোন্নতি দেওয়া হয়েছে। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সহকারী অধ্যাপক পদে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও স্বীকৃত জার্নালে কমপক্ষে তিনটি বৈজ্ঞানিক প্রকাশনা থাকার শর্ত রয়েছে। নেতাদের ক্ষেত্রে এসব শর্ত মানা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে দিয়ে এসব অনিয়ম করাচ্ছেন বলে ড্যাব অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে ড্যাবের চিকিৎসকেরা ১৮টি বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও অন্যান্য অনিয়মের তালিকা প্রকাশ করেন। তাঁরা বলেন, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মো. কামরুল হাসান ও মো. মাহবুবর রহমানের বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে। শাহ গোলাম নবীর মিডিয়া ডেভেলপমেন্ট বিষয়ে কোনো ডিগ্রি নেই। কিন্তু তাঁরা পদোন্নতি পেয়েছেন। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, ভাসকুলার সার্জারিতে সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও অষ্টম বিসিএসের চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়নি। কেউ কেউ একই সঙ্গে সিনিয়র কনসালটেন্ট ও সহযোগী অধ্যাপক হয়েছেন। অর্থোপেডিক সার্জন রফিকুল বারি বলেন, পদোন্নতির তালিকা দেখে মনে হয়েছে, সরকার নাপিতকে সার্জনের জায়গায় বসাতে চাইছে।উল্লেখ্য, এর আগে চারদলীয় জোট সরকারের আমলে সরকারি কর্মকমিশনকে ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ড্যাবপন্থী চিকিৎসকদের পদোন্নতি দেওয়ার অভিযোগ রয়েছে।