পদোন্নতির জট খুলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিযোগ্য সব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়াসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেছেন শিক্ষা ক্যাডারের একদল কর্মকর্তা। রোববার দুপুরে ‘সাধারণ কর্মকর্তাবৃন্দ, একটি উন্মুক্ত মঞ্চ, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার’ নামের প্ল্যাটফর্মের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনটি জমা দেন।
আবেদনে শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদের নিচের পদগুলোতে প্রায় তিন বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার প্রেক্ষাপট তুলে ধরে তা সমাধানের দাবি জানানো হয়। আবেদনে বলা হয়, অন্যান্য কিছু ক্যাডারের মতো শিক্ষা ক্যাডারেও বিসিএস ব্যাচভিত্তিক পদোন্নতি দিয়ে পদোন্নতির জট দূর করার ব্যবস্থা নেওয়া দরকার।
লিখিত আবেদনে বলা হয়, যেহেতু তিন বছর ধরে পদোন্নতি নেই, তাই সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিযোগ্য ৩ হাজার ৩০৮ জন কর্মকর্তা এবং সহকারী অধ্যাপক পদে ২ হাজার ৪৭৬ জন কর্মকর্তার সবাইকে যেন পদোন্নতি দেওয়া হয়।
আবেদনে বিভিন্ন ব্যাচের পদোন্নতি বঞ্চনার পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ১০-১২ বছরেও পদোন্নতি না পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে নিজ ক্যাডার নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। পদসোপান অনুযায়ী, এখন শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা সর্বোচ্চ চতুর্থ গ্রেড পর্যন্ত যেতে পারেন। কিন্তু তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেড পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া ২৭তম বিসিএসের কোনো কোনো ক্যাডারের কর্মকর্তারা যেখানে এখন পঞ্চম গ্রেড পাচ্ছেন, সেখানে ১৬তম বিসিএসের শিক্ষা ক্যাডারের অনেকেই পঞ্চম গ্রেডে (সহযোগী অধ্যাপক) চাকরি করে অবসরের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। এ রকম বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানানো হয় আবেদনে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে লিখিত আবেদনে সই করেন কাজী জাকির হোসেন, রবিউর সাদিক, মুহাম্মদ আজাদ খান, মুহাম্মদ রফিকুল ইসলাম, ইয়ামিন আলী, চঞ্চল কুমার বাছার, পঙ্কজ শিকদার, রাজু আহমেদ প্রমুখ। এর আগে একই দাবিতে ৬ মে তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।