পদোন্নতির জন্য গ্রামে সেবা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকসহ সরকারি চাকরিজীবীদের পদোন্নতির ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি পল্লি অঞ্চলে তাঁদের দায়িত্ব পালনকালও বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা যোগ্য সরকারি চাকুরেদের বিশেষ করে চিকিৎসকদের পদোন্নতি দেব। কিন্তু একই সঙ্গে আমরা তাঁরা কত দিন গ্রামীণ এলাকায় দায়িত্ব পালন করেছেন, তা বিবেচনায় নেব।’ খবর বাসসের।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব মো. শরফুদ্দীন আহমেদের নেতৃত্বে বিএমএর নবনির্বাচিত কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তাঁদের প্রতি চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারির চর্চা ও সর্বোত্তম সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি চিকিৎসকদের পুষ্টিকর খাদ্যদ্রব্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা পালন করার আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, খাদ্য কেবল দামি হলেই পুষ্টিকর হয় না, বরং অনেক সুলভ মূল্যের খাদ্যদ্রব্য পুষ্টিমানসমৃদ্ধ। তিনি কম দামের পুষ্টিকর খাদ্যদ্রব্য সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার এবং ওষুধের পাশাপাশি ব্যবস্থাপত্রে এসব পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে একটি হূদরোগ সার্জারি ইউনিট স্থাপন করা হবে। তাছাড়া ওই সব সরকারি হাসপাতালে অটিস্টিক শিশুদের চিকিৎসা-সুবিধা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ এফ এম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।