সিভিল সার্ভিস আইনের খসড়ার পদোন্নতির জন্য পরীক্ষার ধারাটি নিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ ছাড়া কর্মকর্তারা চান, অবসরের বয়সসীমা আরও বাড়ানো হোক।স্বাধীনতার পর কোনো আইন ছাড়া বিভিন্ন বিধিবিধান দিয়ে চলছে সিভিল সার্ভিস। জনপ্রশাসনকে দক্ষ, জনমুখী, যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকার সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত নিয়েছে। আইনের খসড়া নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় আলোচনাও হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা বলেন, খসড়াটি এখন সচিব কমিটিতে যাবে। এরপর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে তা আইনের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। ফলে আইনটি হতে কিছু সময় লাগবে।জানতে চাইলে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি (খসড়া আইন) নিয়ে আলোচনা হচ্ছে। এটা হতে একটু সময় লাগবে।’খসড়া আইনের ১৫(২) ধারা নিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরিচালিত হবে। তবে সরকার প্রয়োজন মনে করলে এই পরীক্ষা আউটসোর্সিংয়ের মাধ্যমেও সম্পন্ন করা যাবে।ধারায় আরও রয়েছে, পদোন্নতির পরীক্ষায় কেউ পর পর তিনবার অকৃতকার্য হলে তিনি স্বেচ্ছা অবসরে যেতে পারবেন। চতুর্থবার অকৃতকার্য হলে সরকার তাঁকে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারবে।বর্তমানে কেবল সহকারী কমিশনার থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হয়।সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা প্রস্তাবিত এ ধারার সমালোচনা করে প্রথম আলোকে বলেন, এই ধারা নিয়েই বেশি আপত্তি তাঁদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব বলেন, তিনিও চান সিভিল সার্ভিস আইন হোক। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ধাপ করে এখন পদোন্নতির জন্য পরীক্ষার কথা বলছেন। এটি ঠিক নয়।একজন অতিরিক্ত সচিব বলেন, তাঁর মতে কাজের দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি হওয়া উচিত। কারণ, পরীক্ষায় ভালো করলেই ভালো কর্মকর্তা হবেন, এমন ভাবা ঠিক নয়।পদোন্নতির জন্য পরীক্ষার পক্ষেও বলেছেন কর্মকর্তাদের কেউ কেউ। ২৪তম বিসিএসের একজন কর্মকর্তা বলেন, পদোন্নতির জন্য পরীক্ষা থাকতে পারে। তবে বর্তমানে যেভাবে পরীক্ষা ও খাতা মূল্যায়ন হয়, সেভাবে হলে কাজের কাজ কিছুই হবে না। পরীক্ষা হতে হবে সৃজনশীল প্রশ্নপত্রে ও কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ের ওপর।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যাঁদের মধ্যে পরীক্ষার ভয় আছে, তাঁরাই পদোন্নতির জন্য পরীক্ষার বিরোধিতা করছেন। তিনি জানান, আইনে এই পরীক্ষার বিধান রাখা হচ্ছে। পরীক্ষার জন্য পাঠ্যক্রম করা হবে।এ আইনের খসড়ায় অবসর গ্রহণের বয়স রাখা হয়েছে ৫৮ বছর। তবে প্রশাসনের বেশির ভাগ কর্মকর্তাই চান, এই বয়সসীমা ৬০ বছর করা হোক। বর্তমানে অবসর গ্রহণের বয়স ৫৭ বছর। তবে মুক্তিযোদ্ধা কর্মকর্তারা আরও দুই বছর বেশি পান।একটি সংস্থায় মহাপরিচালকের দায়িত্বে থাকা একজন অতিরিক্ত সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশায় অবসরের বয়সসীমা ৬০-এরও বেশি। বিচারকদের জন্য ৬৭ বছর। তাই প্রশাসনের কর্মকর্তাদের অবসরের বয়সও বাড়ানো উচিত।সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমার মত হলো, পদোন্নতির জন্য পিএসসির মাধ্যমে পরীক্ষা হওয়া উচিত। আর অবসরের বয়স ৬০ বছর করা উচিত।’