পদোন্নতির তালিকা চূড়ান্তে বিলম্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মবহির্ভূতভাবে পছন্দের ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পদোন্নতি-প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে। পদোন্নতি-সংক্রান্ত কমিটির বৈঠকের পর ২০ দিনেও সুপারিশ করা তালিকা চূড়ান্ত হয়নি। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
ইআরএল সূত্রে জানা গেছে, নানা কারণ দেখিয়ে গত বছর রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানে কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। এ বছর পদোন্নতির জন্য তালিকা তৈরি করতে ইআরএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ইআরএলের তিন মহাব্যবস্থাপক ছাড়াও কমিটিতে রাখা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক আবু হানিফ (পরিকল্পনা ও উন্নয়ন) ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিরোজ আল মামুনকে।
ইআরএল সূত্র জানায়, পদোন্নতি কমিটি গত ২৩ মে বৈঠকে বসে। সেখানে নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে পদোন্নতির যোগ্য জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করা হয়। যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাঁদের তালিকায় আনা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, বৈঠক শেষে কমিটির তৈরি করা তালিকা দেখে অসন্তোষ প্রকাশ করেন ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক জি এম এ আফজাল। বাদ পড়াদের মধ্য থেকে তালিকায় অন্তত আরও দুজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এঁদের একজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অধিকালভাতা-সংক্রান্ত (ওভারটাইম)অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সেটিতে সায় দেননি পদোন্নতি কমিটির দুজন সদস্য।
সূত্র জানিয়েছে, ওই বৈঠকে কার্যবিবরণী তৈরি হলেও তাতে সদস্যদের সই নেওয়া হয়নি। এর তিন-চার দিন পর কমিটির করা কার্যবিবরণীতে কিছুটা রদবদল করে সেটি অনুমোদনের জন্য প্রথমেই মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিরোজ আল মামুনের কাছে পাঠানো হয়। কিন্তু তিনি সেটি পড়ে স্বাক্ষর না করেই ফেরত দেন।
যোগাযোগ করা হলে কার্যবিবরণী ফেরত পাঠানোর কথা স্বীকার করেন ফিরোজ আল মামুন। তবে কারণ হিসেবে জানান, ভাষাগত কিছু ভুল থাকায় সেটি সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়।
আরেক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ২৩ মের বৈঠকে কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। আরেকটি বৈঠকে বসে সেটি চূড়ান্ত করা হবে। কেউ চাপ দিলেই তালিকায় পরিবর্তন আসবে মনে করার কারণ নেই। সবকিছু বিধিবিধান অনুযায়ী হবে।
অভিযোগ উঠেছে, মন্ত্রণালয় থেকে কাগজপত্র ফেরত আসার পর এ নিয়ে এগোননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এতে ঝুলে রয়েছে পদোন্নতি-প্রক্রিয়া। বিষয়টি জানাজানি হওয়ায় অসন্তোষ বিরাজ করছে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের মধ্যে।
এ বিষয়ে পদোন্নতি কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তালিকা চূড়ান্ত না হওয়ায় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। কিছু কথা আমার কানেও এসেছে। তবে এর কোনো ভিত্তি পাইনি। পরবর্তী বৈঠক হয়ে গেলেই গুজবের অবসান ঘটবে।’
অভিযোগের বিষয়ে জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক জি এম এ আফজালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে সব অভিযোগকে স্বার্থান্বেষী মহলের গুজব বলে উড়িয়ে দেন কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (অর্থ) মো. জসিমউদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। তাঁদের সবার সময় মেলাতে একটু সময় লাগছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে না।