বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পদোন্নতি দিয়ে বেতন স্কেল কার্যকরের দাবিতে রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার তাঁরা এই কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ে অফিসার পরিষদের ব্যানারে দাবি আদায়ের জন্য এই কর্মসূচি আয়োজন করেন তাঁরা।
ওই কর্মকর্তাদের অভিযোগ, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী যে বেতন পাওয়ার কথা, তা তাঁরা পাচ্ছেন না। সরকারি চাকরির সময়ানুযায়ী যেভাবে পদোন্নতি পাওয়ার কথা, তা নিয়মিতভাবে হচ্ছে না। বিষয়টি সুরাহার জন্য গত মে মাস থেকে কর্মকর্তাদের সংগঠন অফিসার পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু এত দিনেও তা বাস্তবায়ন না হওয়ায় গতকাল সকালে কর্মকর্তারা প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে আন্দোলন শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেজিস্ট্রার এবং কোষাধ্যক্ষের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত কর্মকর্তারা। গতকাল বিকেলে দাপ্তরিক সময় শেষ হওয়া পর্যন্ত কার্যালয় দুটিতে তালা ঝুলছিল।