পদোন্নতির দুই বছর পর আগের পদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৬৪ জন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৫৬ জনকে তাঁদের আগের পদে ফিরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টিকে অমর্যাদাকর বলে দাবি করেছেন। এতে শিক্ষা বিভাগের শৃঙ্খলা ভেঙে পড়বে বলে তাঁদের আশঙ্কা।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নিয়োগপ্রাপ্ত ৬৪ জন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ২০১০ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-২) সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত করা হয়। ২০১১ সালের জুনে ওই কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় তাঁদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত ২৬ নভেম্বর প্রথম আলোয় ‘৬৪ সহকারী শিক্ষা কর্মকর্তা বেতন পান না পাঁচ মাস’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিইডিপি-২ কর্মসূচি শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে বেতনবঞ্চিত শিক্ষা কর্মকর্তাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন করা হলো। একই সঙ্গে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের নিমিত্তে সংযুক্ত করা হয় তাঁদের। শিক্ষা কর্মকর্তারা জানান, এই আদেশের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে। পিইডিপি-২ প্রকল্পে প্রেষণে নিযুক্ত করার সময় ৬৪ জন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হলেও ২৮ নভেম্বরের আদেশে ৫৬ জনকে আগের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তার আস্থাভাজন হওয়ায় বাকি আটজনকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবেই বহাল রাখা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে ফিরিয়ে নেওয়া কর্মকর্তাদের একই জেলায় অতিরিক্ত পদে দায়িত্ব দেওয়া হলেও কয়েকজনকে ভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষা কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রয়োজনীয় সংখ্যক পদ শূন্য থাকা সত্ত্বেও তাঁদের পদোন্নতি বা চলতি দায়িত্ব না দিয়ে পদাবনত করে পুরো বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রূপন কান্তি শীল প্রথম আলোকে জানিয়েছিলেন, নতুন পদ সৃষ্টির বিষয় রয়েছে। এই পদের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে লিখিতভাবে অবগত করার পর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। এখন এটা আইনানুগভাবে সচিব কমিটিতে যাবে এবং সচিব কমিটির অনুমোদন লাভের পর রাজস্ব খাতে পদ সৃষ্টির পর পদায়নসহ বেতন-ভাতা নিশ্চিত করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী গত শনিবার প্রথম আলোকে বলেন, তাঁরা যাতে বেতন পান এ জন্য আগের পদে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাজও করবেন। পিইডিপি-২ শেষ হওয়ায় এখন নতুন করে এই পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। এসব পদ উল্লিখিত কর্মকর্তাদের দিয়ে পূরণের চিন্তাভাবনা চলছে।