ব্যক্তিগত যোগাযোগের নথি জব্দ করার পদ্ধতিগত দুর্বলতার কারণে কানাডার আদালতে মামলাটি বাতিল করা হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) আদালতে প্রমাণ হিসেবে আড়িপাতা টেলিফোন রেকর্ড জমা দিয়েছিল। এসব রেকর্ড আমলে নেননি আদালত। পরে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তাকে অব্যাহতি দেন আদালত।
মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া।
পদ্মা সেতুর একটি কাজ পেতে দুর্নীতির চেষ্টার অভিযোগ প্রমাণ করতে কানাডা পুলিশ আদালতে জব্দ করা টেলিফোন রেকর্ড জমা দিয়েছিল। কিন্তু যথেষ্ট আইনি ভিত্তি না থাকায় আদালতে উপস্থাপিত জব্দ করা রেকর্ডগুলো গ্রহণ করেননি অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের বিচারক জে নর্ডেইমার। বিচারিক প্রক্রিয়া থেকে তা বাদ দেওয়ার সিদ্ধান্ত দেন তিনি। গত ৬ জানুয়ারি এ সিদ্ধান্ত দেওয়া হয়। ওই দিনের বিচার কার্যক্রমের শুরুতেই জে নর্ডেইমার বলেন, এ ধরনের রেকর্ড তিনি শুনবেন না।
শুরু থেকেই এই মামলার বিচারিক তথ্য-উপাত্ত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা ছিল। পরে ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিনের কার্যক্রমে আদালত থেকে জানতে চাওয়া হয় কানাডা পুলিশের কাছে আদালতে জমা দেওয়া সাক্ষ্য-প্রমাণের বাইরে নতুন সাক্ষ্য-প্রমাণ আছে কি না। আরসিএমপি জানায়, তাদের কাছে নেই। এরপর অভিযুক্ত ব্যক্তিদের খালাস দেন আদালত। এর ফলে অভিযোগের মূল বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মামলাটি শেষ হয়ে যায়। ওই দিন এ মামলা নিয়ে সংবাদ প্রকাশের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। ফলে ২৭ পাতার আদেশের কপি এখন প্রকাশ করা হয়েছে।
যে কারণে আমলে নেননি আদালত
অভিযোগ ছিল, পদ্মা সেতু তদারকির কাজ এসএনসি-লাভালিনকে পাইয়ে দিতে দুর্নীতির চেষ্টা হচ্ছে। এতে সরকারি, বেসরকারি কর্মকর্তা ও এসএনসি-লাভালিনের কর্মকর্তারা জড়িত। ওই সময় আরসিএমপি ২০১১ সালে এই খবর জানিয়েছিল বিশ্বব্যাংকের ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) বিভাগ।
রুল বাতিলের আদেশটিতে মামলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বিবরণ অনুযায়ী, আইএনটির তদন্তকারী পল হেইন্স কানাডা পুলিশকে জানান, চারজন আভাস দানকারীর কাছ থেকে এ খবর পেয়েছেন। তাঁরা ই-মেইলে এ খবর বিশ্বব্যাংককে জানিয়েছেন। প্রথম ও তৃতীয় জনকে পল হেইন্স চেনেন না; কখনো দেখা হয়নি। হেইন্স দ্বিতীয় জনকে চেনেন। কিন্তু দ্বিতীয় জনের অনুরোধের ভিত্তিতে কানাডা পুলিশের কাছে পরিচয় গোপন করেছেন তিনি। আর চতুর্থ জন যেসব তথ্য দিয়েছেন, তা মামলার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এরপর কানাডা পুলিশ প্রথম ও তৃতীয় জনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। অন্যদিকে দুই নম্বর আভাস দানকারীর সঙ্গে শুধু টেলিফোনে কথা বলেছে। এমনকি যেসব অভিযোগ এসেছে, তা নিয়ে কানাডা পুলিশ নিজ উদ্যোগে কোনো তদন্ত করেনি। আবার আভাস দানকারীরা নিজেরাই বলেছেন, এসব অভিযোগ তাঁরা (আভাস দানকারী) শুনেছেন, এ নিয়ে অনেক গুজব আছে।
আদালতের নথিতে বিশ্বব্যাংকে পাঠানো এক নম্বর আভাস দানকারীর ই-মেইলের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ‘তদারকির কাজের দরপত্রের মূল্যায়ন-প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অনেক গুজব আমরা শুনছি। সর্বশেষ গুজবটির তথ্য-প্রমাণাদি আছে, তবে আমরা তা দেখিনি। যদি এটা সত্য হয়, তবে দরপত্রের মূল্যায়ন কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’ এ বিষয়ে আদালত বলেছেন, এ অভিযোগটি করা হয়েছে গুজবের ওপর ভিত্তি করে।
আদালত আরও বলেছেন, এক নম্বর আভাস দানকারী সত্যতা যাচাইয়ের জন্য বিশ্বব্যাংককে কিছু লোকের নাম দিয়েছিলেন। চাইলে বিশ্বব্যাংক ওই সব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারত। কিন্তু বিশ্বব্যাংক ওই সব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।
আদালতে উপস্থাপিত বক্তব্যে কানাডার পুলিশ বলেছে, এক নম্বর আভাস দানকারী যদি দরপত্রে ক্ষতিগ্রস্ত হয়ে অসন্তুষ্ট হতেন, তবে তিনি দরপত্রে প্রথম স্থানে থাকা প্রতিষ্ঠানের দিকেই অভিযোগ তুলতেন। তাই এসএনসি-লাভালিনের সম্মান হানি করে দুই নম্বর আভাস দানকারীর মতো তাঁর কোনো লাভ নেই। তবে আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগটি গুজব ও শোনা কথার ভিত্তিতে এনেছেন ওই আভাস দানকারী। আবার এই দ্বিতীয় আভাস দানকারী নিজেও কাজ পেতে দুর্নীতির আশ্রয় নেওয়ার কথা নিজেই উল্লেখ করেছেন। এ অবস্থায় তাঁর দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত।
আদালতের নথি থেকে আরও জানা যায়, দ্বিতীয় আভাস দানকারীর সঙ্গে কানাডা পুলিশ শুধু দুবার টেলিফোনে কথা বলেছে। কিন্তু ওই আভাস দানকারীর অতীত ইতিহাসসহ বিস্তারিত আর কোনো খোঁজ নেয়নি কানাডা পুলিশ। দুই নম্বর আভাস দানকারী বিশ্বব্যাংককে তথ্য যাচাই-বাছাই করার জন্য কিছু লোক বা সূত্রের পরিচয় জানিয়েছিলেন। কিন্তু বিশ্বব্যাংক ও কানাডা পুলিশ কেউই তাঁদের (ওই সব লোক বা সূত্র) সঙ্গে যোগাযোগ করেছে এমন প্রমাণ পাননি কানাডার আদালত।
কানাডার আদালত পর্যবেক্ষণ হলো, মামলায় এমন কিছু তথ্যের ওপর বাদী নির্ভর করেছেন, যা পর্যাপ্ত নয়। উদাহরণ দিয়ে বলা হয়েছে, আভাস দানকারীদের তথ্য অনুযায়ী, দরপত্রের মূল্যায়ন-প্রক্রিয়ায় ছলচাতুরী করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রভাব খাটানোয় মূল্যায়ন কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের কাজ তদারকির জন্য ৫ কোটি ডলারের দরপত্র আহ্বান করা হয়। ২০১০ সালের ৯ ডিসেম্বর ওই দরপত্রে অংশ নেওয়া সংক্ষিপ্ত তালিকার পাঁচ প্রতিষ্ঠানের কারিগরি যোগ্যতার ক্রম প্রকাশ করা হয়। এতে প্রথম হয় এইচপিআর নামের একটি প্রতিষ্ঠান। এ ছাড়া এসএনসি-লাভালিন দ্বিতীয়, এইসিওএম তৃতীয়, হ্যালক্রো চতুর্থ এবং ওরিয়েন্টাল পঞ্চম স্থান লাভ করে। এরপর ২০১১ সালের ২৮ মার্চ দরদাতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাবের ক্রম প্রকাশ করা হয়। সেখানে হ্যালক্রো প্রথম হয়। এসএনসি-লাভালিন আগের মতোই দ্বিতীয় স্থানে থাকে। তবে এইচপিআর তৃতীয় স্থানে চলে যায়।
এ ছাড়া এসএনসি-লাভালিনের কার্যালয়ে গিয়ে কানাডা পুলিশের সাক্ষ্য-প্রমাণ জব্দ করার প্রক্রিয়া নিয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেছেন, আভাস দানকারীদের দেওয়া তথ্য অনুসারে শুধু ওই সব সাক্ষ্য-প্রমাণ জব্দ করা হয়েছে।