পদ্ধতিগত লোকসান কমাতে পিডিবির অপকৌশল!
চট্টগ্রামের পাহাড়তলী বিক্রয় ও বিতরণকেন্দ্রের পদ্ম পুকুরপাড় এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মিটারে সড়কবাতির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৬২ হাজার ৬২৫ ইউনিটের একটি বিল ধরিয়ে দেয়। মিটারে খরচের চিত্র পাওয়া যায় ২৭ হাজার ৫৮৭ ইউনিট। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুসন্ধানে কেবল একটি বিক্রয়কেন্দ্রের ৬২টি মিটারে এ ধরনের গরমিল ধরা পড়ে। এতে সিটি করপোরেশনে যে বিল পিডিবি দিয়েছে, তাতে প্রকৃত বিলের চেয়ে প্রায় ৩০ লাখ ইউনিট বেশি। টাকার অঙ্কে যা প্রায় দুই কোটি টাকা। শহর এলাকার ১২টি বিক্রয় ও বিতরণকেন্দ্র থেকে এ বিল দেওয়া হয়েছে।অভিযোগ রয়েছে, বিদ্যুতের প্রথাগত লোকসান (সিস্টেম লস) কম দেখাতেই পিডিবি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকদের ওপর এভাবে অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে।চট্টগ্রাম সিটি করপোরেশনও এত দিন পিডিবির দেওয়া বিলই পরিশোধ করে আসছিল। কিন্তু করপোরেশনের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার কর্মী দিয়ে মিটার গণনার পর এ বিশাল ত্রুটি ধরা পড়ে। গত সোমবার পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একদল কর্মকর্তা সিটি করপোরেশনের কাছে পাওনা নয় কোটি টাকা পরিশোধের তাগাদা দিতে মেয়রের কার্যালয়ে আসেন। এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলীরা এ ভুল তুলে ধরলে পিডিবির প্রকৌশলীও তা মেনে নেন।এ অবস্থায় ২২ জানুয়ারির মধ্যে বিদ্যুতের প্রকৃত বিল হিসাব করে উপস্থাপনের জন্য পিডিবি ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম নির্দেশ দিয়েছেন। পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার বলেন, ‘আমরা বলেছি, এমনটা হতেই পারে। পিডিবি শ্রমিকবেষ্টিত সংস্থা। কেউ কেউ যদি মিটারে গিয়ে প্রকৃত ইউনিট না গুনে আন্দাজ করে একটা বিল লিখে দেয়, তাতে কিছুই করার থাকে না। আর এ জন্য তো নির্বাহী প্রকৌশলী কিংবা প্রধান প্রকৌশলী দায়ী থাকতে পারে না।’ জানা গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের এ অতিরিক্ত বিল আদায়ের কারণে প্রকৃত লোকসানের পরিমাণ কত তার হিসাবও পিডিবিতে নেই। দেখা যায়, তিন বছর আগেও এ প্রথাগত লোকসানের পরিমাণ ১৫ থেকে ১৬ শতাংশ বলা হলেও এখন দাবি করা হচ্ছে, তা এক অঙ্কে নেমে এসেছে।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার বলেন, লোকসানের পরিমাণ ১০-এর নিচে নেমে এসেছে। তিনি দাবি করেন, পিডিবির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা পর্যাপ্ত হলে লোকসান আরও কমানো যেত। অভিযোগ আছে, চট্টগ্রামের কিছু বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে, যেখানে এ বিদ্যুৎ ব্যবহারের হিসাব মিটারে ওঠে না। পিডিবির একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত আছে। এমন অভিযোগের ভিত্তিতে বছর তিনেক আগে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। এতে পিডিবির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের বিষয়টি চিহ্নিত হয়। এরপর চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগরের পশ্চিম বাকলিয়ার জামিল উদ্দিনের একটি মিটারে প্রতি মাসে গড়ে বিল আসে সাড়ে ছয় শ থেকে আট শ টাকা। কিন্তু গত ডিসেম্বরে হঠাৎ সেখানে ৬৫০ ইউনিটের জন্য তিন হাজার ৫৫৪ টাকার বিল দেওয়া হয়। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে নগরের পাঁচলাইশ এলাকা থেকে। খুলশী বিক্রয় ও বিতরণ অঞ্চলের নাছিরাবাদে ২২৭৯৪৭ নম্বর মিটারে গত বছরের আগস্ট মাসে ৫০০ ইউনিটের বিপরীতে তিন হাজার ৩৩৮ টাকার বিল দেওয়া হয়। কিন্তু বিষয়টি প্রধান প্রকৌশলীর কাছে জানানোর পর অক্টোবর মাসে ৫০০ ইউনিটের জন্য ছয় হাজার ২১৭ টাকার বিল দেওয়া হয়।