পদ্মভূষণ প্রাপ্তিতে অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ প্রাপ্তি উপলক্ষে এবার ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা দিল ঢাকা ক্লাব। গতকাল শনিবার রাতে ক্লাবের প্রধান লাউঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রশংসাসূচক বক্তব্য, কবিতা পাঠ, সংগীত পরিবেশন, স্মারক ও ফুলের তোড়া উপহারের মধ্য দিয়ে এই গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার প্রতি উত্তরে আনিসুজ্জামান বলেন, ‘এই সম্মাননা প্রাপ্তিতে শুরু থেকে এখন পর্যন্ত যাঁরা খুশি হয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন, সেই হিতৈষীদের শুভেচ্ছা জানাই।’ তিনি তাঁকে এই বিরল সম্মাননায় ভূষিত করায় ভারত সরকারকে ধন্যবাদ দেন। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ দেন ঢাকা ক্লাবকেও। এরপর তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমার জন্য বিব্রতকর। মঞ্চে বসে নিজের প্রশংসা শুনতে অস্বস্তি হয়। সবাই আমাকে বিনয়ে ভালো ভালো কথা বলেন, এসব কথায় কিছু কিছু অতিরঞ্জনও করা হয়। তবে সবাই যেহেতু ভালো কথা বললেন, আমি আর শুধরে দিতে যাব না।’
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আনিসুজ্জামানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন ক্লাব সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। পরে তিনি আনিসুজ্জামানের হাতে স্মারক তুলে দেন৷ আনিসুজ্জামানের জীবনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরে বক্তব্য দেন নাট্যজন আতাউর রহমান।
আসাদুজ্জামান নূর বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান এমন এক জ্ঞানসাগর, তাঁকে নিয়ে কিছু বলতে গেলে নিজেকে মূর্খ মনে হয়।’ মুক্তিযুদ্ধের আগে ও পরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আনিসুজ্জামানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি৷
আতাউর রহমান বলেন, আনিসুজ্জামান তাঁর কাজের মধ্য দিয়ে দেশকে বিদেশে নিয়ে গেছেন এবং বিদেশ থেকে দেশের জন্য এনেছেন বিরল সম্মান।
খায়রুল মজিদ মাহমুদ বলেন, ‘আনিসুজ্জামান আমাদের ঢাকা ক্লাবের একজন সদস্য। এ কারণে আমরা গর্বিত। তাঁর পদ্মভূষণ প্রাপ্তি আমাদের সম্মানিত করেছে।’ তিনি আনিসুজ্জামান সম্পর্কে বিনীত মূল্যায়ন তুলে ধরে বলেন, শিক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে তিনি মেধা, মনন ও প্রগতিশীল চিন্তাধারার মধ্য দিয়ে প্রশংসিত ভূমিকা রেখে চলেছেন।’
সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনিসুজ্জামানকে নিবেদন করে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শামা রহমান। তিনি একে একে গেয়ে শোনান ‘মধুর তোমার শেষ যে না পাই’, ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে’, ‘যে ছিল আমার স্বপ্নচারিণী’সহ বেশ কিছু গান। সবশেষে পীযূষ বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা।
অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।