পদ্মভূষণ প্রাপ্তিতে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের পদ্মভূষণ পদক প্রাপ্তিতে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে চট্টগ্রামে সম্মাননা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তাঁকে সম্মানিত করা হয়। অধ্যাপক আনিসুজ্জামান সম্মাননা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজক।
সংবর্ধনা অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান পদ্মভূষণ পদকে সম্মানিত করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ সম্মাননা আমার একার নয়, দেশের সবার সঙ্গে একে ভাগ করে নিচ্ছি। এ সম্মান দেওয়ার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের প্রকাশ ঘটেছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ও অধ্যাপক আনিসুজ্জামান সম্মাননা পরিষদের সভাপতি অনুপম সেন।
সভাপতির বক্তব্যে অনুপম সেন বলেন, ‘ষাটের দশকের প্রথম থেকে বাঙালি চেতনা উদ্দীপ্ত করার ক্ষেত্রে যাঁরা নির্ভীক ও নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে আনিসুজ্জামান অন্যতম। জ্ঞানের ক্ষেত্রেও আনিসুজ্জামান বাঙালির ভাষার ইতিহাস-ঐতিহ্যের গভীরে ঢুকেছেন।’
অনুষ্ঠানে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমাদের পথপ্রদর্শক। সমাজের যেকোনো সংকটপূর্ণ পরিস্থিতিতে, যেখানে বিবেকের দায়ে সোচ্চার হতে হয়, সেখানে তিনি থাকেন সর্বাগ্রে।’
সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোস্তফা, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, লেখিকা ফেরদৌস আরা আলিম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেিণ-পেশার লোকজন উপস্থিত ছিলেন।