পদ্মশ্রী পাওয়ায় ঝর্ণাধারাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের পদ্মশ্রী খেতাব পাওয়া নোয়াখালীর গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা চৌধুরীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার হলে এই সম্মাননা দেওয়া হয়। মহাত্মা গান্ধীর আদর্শের অনুসারী ঝর্ণাধারা চৌধুরীকে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সম্মান জানান পরিষদের সভাপতি এম এ বারী। আর মানপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী। নারী-শিশুসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ভারত সরকার সম্প্রতি ঝর্ণাধারা চৌধুরীকে পদ্মশ্রী খেতাব দিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাভার ট্র্যাজেডি, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার এই দুঃসময়ে ঝর্ণাধারা চৌধুরীর এই খেতাব প্রাপ্তি নতুন করে গান্ধীর অহিংসার বাণী মনে করিয়ে দেয়।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া এই খেতাব অত্যন্ত সম্মানের। ২০১১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা দেওয়া এবং এবার বাংলাদেশি সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীকে পদ্মশ্রী খেতাব দেওয়া উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন পঙ্কজ।ঝর্ণাধারা চৌধুরী বলেন, ব্যক্তি ঝর্ণাধারাকে নয়, বাংলাদেশকে সম্মান দিয়েছে ভারত। বাংলাদেশের নারী সমাজকে সম্মান দিয়েছে। তিনি বলেন, গান্ধীর আদর্শ ও সহিংসতার মতবাদ অনুধাবন করতে পারলেই বিশ্বে শান্তি আসবে।