রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ঊর্ধ্বতন তিন কর্মকর্তা এবং নতুন নিয়োগ পাওয়া ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. মোরশেদ আলম বাদী হয়ে গতকাল বুধবার সকালে চট্টগ্রামের সদরঘাট থানায় পৃথক তিনটি মামলা করেন।
মামলায় পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে এবং নিয়োগ কমিটি গঠন ছাড়াই ৮৮ জন কর্মচারীকে চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়।
দুদক সূত্র জানায়, মামলার আসামিরা হলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, মহাব্যবস্থাপক (অর্থ) হেলাল আহমেদ চৌধুরী ও সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল হাসান। তিনটি মামলায় নিয়োগ পাওয়া ৮৮ জন কর্মচারীকেও আসামি করা হয়। নিয়োগ ভিন্ন ভিন্ন তারিখে হওয়ায় পৃথক তিনটি মামলা হয়। তবে সব অপরাধের ধরন একই রকম ছিল।
দুদক জানায়, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল হাসান সদরঘাট থানার ১৫, ১৬ ও ১৭ নম্বর মামলার আসামি। আর মহাব্যবস্থাপক (অর্থ) হেলাল আহমেদ কেবল ১৬ নম্বর মামলার আসামি। ১৫ নম্বর মামলায় ৬৭ জন, ১৬ নম্বর মামলায় ১৯ জন এবং ১৭ নম্বর মামলায় নয়জনকে আসামি করা হয়।
মামলা তিনটিতে অভিযোগ করা হয়, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং নিয়োগ কমিটি গঠন ও পরীক্ষা ছাড়াই ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির উল্লিখিত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ২০০৯ ও ২০১০ সালে এসব নিয়োগ দেন। এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলার বাদী ও দুদকের উপপরিচালক মো. মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ অনুসন্ধানের পর আমরা পদ্মা অয়েল কোম্পানির শীর্ষ তিন কর্মকর্তাসহ ৯২ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আসামিরা পরস্পরের যোগসাজশে এসব নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষমতার অপব্যবহারসহ প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন। তাই আমরা পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে দুদক ও দণ্ডবিধি আইনে তিনটি মামলা করেছি।’
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের দুদক আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।