পদ্মা অয়েলের এমডিকে প্রত্যাহার
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল খায়েরকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জ্বালানি মন্ত্রণালয় থেকে তাঁকে প্রত্যাহার করা সংক্রান্ত নির্দেশ জারি করা হয়। বিপিসির পরিচালক (অর্থ) ইমতিয়াজ হোসেন চৌধুরীকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রয়োজন না থাকা সত্ত্বেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি বন্ধের নোটিশ জারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে প্রত্যাহার করা হয় বলে সূত্র জানায়। বিপিসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। সূত্র জানায়, প্রত্যাহারের নির্দেশ যখন জারি হয়, আবুল খায়ের তখন নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বালানি) খালাসের কাজ তদারকি করছিলেন। মন্ত্রণালয়ের নির্দেশনার খবর পাওয়ার পর তিনি কাউকে কিছু না জানিয়ে গোদনাইল থেকে ঢাকায় চলে যান। এর পর থেকে তিনি বিপিসির কর্মকর্তাদের ফোনও ধরছেন না। রাতে প্রথম আলো থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।