পদ্মা অয়েলের তিন কর্মকর্তাকে দায়মুক্তি দিতে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েলের জ্যেষ্ঠ তিন কর্মকর্তাকে দায়মুক্তি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৮০৫ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছিল দুদক। তবে তিন বছর পর দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে দুর্নীতির মামলা থেকে তিনজনকেই অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
তিন কর্মকর্তা হলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অপারেশন) আখতার উদ্দুজা, সহকারী মহাব্যবস্থাপক আবুল বাশার ও ব্যবস্থাপক (অপারেশন) জাবেদ মোহাম্মদ নূরুদ্দিন। তাঁদের বিরুদ্ধে ২০১২ সালে দুর্নীতির মামলা করা হয়। এঁদের মধ্যে নূরুদ্দিন এখন পদ্মা অয়েলে নেই বলে জানান প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত পদ্মা অয়েল কোম্পানির পতেঙ্গার গুপ্তখাল ডিপোতে ২ লাখ ১২ হাজার ৮৮ লিটার ডিজেল এবং ২৪ হাজার ২৪১ লিটার কেরোসিনের ঘাটতি পাওয়া যায়। ওই তিন কর্মকর্তা বিশ্বাস ভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে পরস্পর যোগসাজশ করে কালোবাজারে ডিজেল ও কেরোসিন বিক্রি করে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৮০৫ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয় মামলায়। ওই সময় ডিজেল ও কেরোসিনের সরকারি মূল্য ছিল প্রতি লিটার ৪৫ টাকা।
দুর্নীতির এ ঘটনায় কোম্পানির উপমহাব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে আসামি করে পতেঙ্গা থানায় ২০১২ সালের ২৩ এপ্রিল মামলা করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. হুমায়ুন কবির।
প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনে কেন দুর্নীতির মামলা থেকে তিন কর্মকর্তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তা জানতে চাইলে দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘এখন থেকে দুদক মামলা দায়েরের আগে সতর্কতা অবলম্বন করবে, যাতে কোনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে না হয়।’
তবে এই মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. হুমায়ুন কবির জানান, অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর অনুমোদন নিয়ে মামলাটি করা হয়েছিল।
আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০১১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল ডিপোতে ১০ কোটি ৬৬ লাখ লিটার ডিজেল থাকার কথা থাকলেও মজুতে ঘাটতি পাওয়া যায় ১ লাখ ৬৮ হাজার ১৫ লিটার। একই সময়ে গুপ্তখাল ডিপোতে ১ কোটি ২৫ লাখ লিটার কেরোসিন মজুতের বিপরীতে ঘাটতি ছিল ১৬ হাজার ৮২৪ লিটার।
চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মজুতের ঘাটতিতে অস্বাভাবিকতা ছিল না। এর কারণ তেল পরিমাপের পূর্বে তেলের পরিচালন (সরবরাহ লাইন) বন্ধ করা হয়নি। এ ছাড়া তাপমাত্রাজনিত কারণে তেলের প্রসারণ-সংকোচনের বিষয়টিও আমলে নেওয়া হয়নি। এ ছাড়া মজুতে যে সিস্টেম লস থাকে, তা-ও সহনীয় মাত্রায় ছিল।
তদন্তে জালানি তেলের সাময়িক ঘাটতি আপেক্ষিক ও গ্রহণযোগ্য অনুমোদিত সীমার মধ্যে থাকায় তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা এইচ এম আখতারুজ্জামান।
তবে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নারাজি দেওয়া হবে কি না, জানতে চাইলে দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।