অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির তিন কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ছয় লাখ টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) আখতারুদ্দৌজা, সহকারী উপমহাব্যবস্থাপক (অপারেশন) আবুল বশর ও সাবেক ব্যবস্থাপক জাবেদ মো. নুরুদ্দীন। গতকাল সোমবার দুদক চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বাদী হয়ে পতেঙ্গা থানায় এই মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এই তিন কর্মকর্তা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম ডিপো থেকে দুই লাখ ৩৬ হাজার ৩২৯ লিটার জ্বালানি তেল কালোবাজারে বিক্রি করেন। এর মধ্যে এক লাখ ৮১ হাজার ৭৫১ লিটার ডিজেল ও ৫৪ হাজার ৫৭৮ লিটার কেরোসিন ছিল। ওই জ্বালানি তেলের তৎকালীন মূল্য এক কোটি ছয় লাখ ৩৪ হাজার ৮০৫ টাকা। জানা যায়, পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে জ্বালানি তেল বিক্রির বিষয়টি প্রাথমিকভাবে জানাজানির পর ডিপো সিলগালা করে দেওয়া হয়। এরপর তৎকালীন উপমহাব্যবস্থাপক নরেশ চন্দ্র দাশের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি তা তদন্ত করে। তদন্তে তেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তী সময়ে দুদকের কর্মকর্তারা তদন্ত করার সময়ও একই ফলাফল পাওয়া যায় বলে জানান মামলার বাদী হুমায়ুন কবির।