পদ্মা অয়েলের তেল পাচারের ঘটনায় চারজনকে শাস্তি
পদ্মা অয়েল থেকে তেল পাচারের ঘটনায় চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক বিভাগীয় তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধ এ ব্যবস্থা নেন। এ চার কর্মকর্তার মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন: ব্যবস্থাপক আসিফ মালেক। এ ছাড়া সহকারী মহাব্যবস্থাপক শহীদ হোসেন ওরফে রাব্বি, ব্যবস্থাপক আবুল হাসনাত শহীদ ও ব্যবস্থাপক কাজী মফিজুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ২০ মে পদ্মা অয়েল ডিপো থেকে তেল পাচারের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক এম এ খায়ের প্রথম আলোকে বলেন, পদ্মা অয়েল থেকে তেল পাচারের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২০ মে পদ্মা অয়েল থেকে তেল চুরি করে এনে মাঝির ঘাট আনু মাঝির ঘাটে পাচার করার সময় র্যাব দুই কোটি টাকার ফার্নেস তেলসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।