পদ্মা ও কীর্তনখোলার ভাঙনে ঘর, জমি বাজার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর তীরের শরীয়তপুরের জাজিরা ও রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন স্থানে ভাঙন বেড়ে গেছে। নদীতে পানি বাড়ায় ও প্রবল স্রোতের কারণে গত কয়েক দিনে এই দুই এলাকায় ৩৬০টি পরিবারের বসতঘর ও ৫০০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনে রাস্তাঘাট এবং ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কীর্তনখোলার ভাঙনে গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলার একটি বাজার বিলীন হয়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর: জাজিরা উপজেলার নাওডোবা, পূর্ব নাওডোবা ও কুণ্ডেরচর ইউনিয়নের সাতটি গ্রামের ৩০০ পরিবারের বসতঘর পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে ঢাকা-শরীয়তপুর সড়কের মঙ্গলমাঝি লঞ্চঘাটের ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং মঙ্গলমাঝি ঘাটের ফেরি ও লঞ্চ টার্মিনালের তিনটি সংযোগ সড়কের ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। পশ্চিম নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল গোমস্তা বলেন, ‘আমার ইউনিয়নে ১৯৫টি পরিবার ভাঙনের শিকার হয়েছে। তাদের তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।’ শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হবে।গোয়ালন্দ: পদ্মা নদীর ভাঙনে ১৫ দিনে উপজেলার দেবগ্রামের বেথুরী এলাকার ৬০ পরিবারের বসতঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় আরও অর্ধশত পরিবারের বসতঘর ও ভিটে নদীতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী ভাঙন ঠেকাতে দুটি ক্রস বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দীন বলেন, ‘কয়েক দিন আগে উপজেলা চেয়ারম্যান ও আমি নিজে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।বরিশাল: বরিশাল সদর উপজেলার নয়ানী গ্রামের জনতা বাজার কীর্তনখোলা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীর তীরের বাজার এলাকায় তীব্র ভাঙন শুরু হয়। এতে বাজারের একটি মসজিদের ভবন, ২০টি মুদি-মনোহারি ও চায়ের দোকান, একটি বিশাল বটগাছ নদীতে চলে যায়। জেলা প্রশাসক এস এম আরিফ-উর-রহমান বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ত্রাণ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।