পদ্মা ও তিস্তার পানিপ্রবাহ পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পদ্মা নদী এবং তিস্তা ব্যারেজ ও তিস্তা রেল সেতু এলাকায় পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর একটায় বাংলাদেশ ও ভারতীয় কর্মকর্তারা স্পিডবোটে করে পদ্মায় যান। তাঁরা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের তিন কিলোমিটার উজানে গিয়ে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন। প্রায় দেড় ঘণ্টা নদীতে থাকার পর তাঁরা ভেড়ামারা পাড়ে ফিরে আসেন।দুপুর আড়াইটায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে প্রজেক্ট) পরিদর্শন শেষে বাংলোতে উভয় দেশের কর্মকর্তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে পাঁচ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেআরসি কমিশনার এস পি কাকরান। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জেআরসির সদস্য মীর সাজ্জাদ হোসেন। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান মীর সাজ্জাদ হোসেন বলেন, যৌথ নদী কমিশনের ৪২তম আনুষ্ঠানিক বৈঠক হবে ঢাকায়। গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ কম পানি পাচ্ছে বলে ভারতের কাছে জানানো হয়েছে। এ সময় ভারতীয় কর্মকর্তারা তাঁদের কিছু সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।গতকাল যৌথ নদী কমিশনের সদস্যরা নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বড় তিস্তা সেচ প্রকল্প এলাকার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। একই দিনে জেআরসির সদস্যরা লালমনিরহাটে অবস্থিত দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও তিস্তা রেল ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন। দলটি তিস্তা সেচ প্রকল্পের আওতায় উত্তর জনপদের ৩৫ হাজার হেক্টর জমিকে সেচ সুবিধায় আনতে কী পরিমাণ পানির প্রয়োজন সেটিও পর্যবেক্ষণ করেন বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকার জানান।