পদ্মা ও ব্রাইটন হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রোগের ভুয়া রিপোর্ট, মেয়াদোত্তীর্ণ বিকারক (রিএজেন্ট) ব্যবহার এবং অনুমোদনহীন ওষুধ বিক্রি করার দায়ে পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড ও ব্রাইটন হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার র্যাব-২ এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, অভিযান চালানোর সময় পদ্মা জেনারেল হাসপাতালে ডাক্তারের স্ক্যান করা রোগের ভুয়া রিপোর্ট, বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের জন্য মেয়াদোত্তীর্ণ বিকারক এবং অনুমোদন ছাড়াই ব্ল্যাড ব্যাংক পরিচালনা করে রোগীদের শরীরে রক্ত স্থানান্তর করা হচ্ছে দেখতে পান। রক্ত সরবরাহের ক্ষেত্রে পাঁচটি পরীক্ষা বাধ্যতামূলক থাকলেও হাসপাতালটিতে কোনো পরীক্ষা ছাড়াই রক্ত স্থানান্তর করা হচ্ছে। এ ছাড়া সংগৃহীত রক্ত সাধারণ ফ্রিজে রাখা হয়েছে। ব্লাড গ্রুপিংয়ের নমুনার তারিখ ঘষামাজা করা ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। অত্যন্ত নোংরা পরিবেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব পরিচালনা, এক্স-রে অত্যন্ত নোংরা ও মানহীন এবং অপারেশন থিয়েটার নোংরা ও ধুলাবালিযুক্ত। এ ছাড়া হাসপাতালের ফার্মেসিতে অবৈধভাবে বিদেশি আট ধরনের ওষুধ বিক্রয় করা হচ্ছে ও মজুত রাখা হয়েছে, ফার্মেসির ফ্রিজ নষ্ট থাকা সত্ত্বেও তাতে ইনজেকশন ও ইনসুলিন রাখা হয়েছে, এমনকি ফ্রিজের ভেতর বিভিন্ন পোকামাকড় পাওয়া গেছে।
এ কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু সালেহ খান, ল্যাব ইনচার্জ কামাল হোসেন শিমুল, টেকনিশিয়ান মো. রবিউল ইসলাম এবং রিসিপশনিস্ট মৃণাল সরকারকে আটক করে ১৬ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ব্রাইটন হাসপাতালে অভিযান চালিয়ে অদক্ষ ব্যক্তি দিয়ে ল্যাব পরিচালনা করা, ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা, ল্যাবে সাধারণ ফ্রিজ ব্যবহার করা এবং ফ্রিজের ভেতর নোংরা ও অপরিষ্কার রাখা, অপারেশন থিয়েটারের সামনে ময়লাযুক্ত ডাস্টবিন রাখা এবং অত্যন্ত নোংরা ও অপরিষ্কারভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করা হচ্ছে বলে দেখতে পান। এ কারণে হাসপাতালের জেনারেল ম্যানেজার মাসুদ রেজা, এজিএম নাজমুল হুদা ও অ্যাডমিন অফিসার রায়হান উদ্দিনকে আটক করে তাঁদের ছয় লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।