পদ্মা ও মেট্রো প্রকল্পে বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পদ্মা সেতুর বিষয়ে বৈঠক করতে পাঁচটি দেশের বিশেষজ্ঞরা আসছেন চলতি সপ্তাহে। এই বিশেষজ্ঞদের বিমানবন্দর থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকা পর্যন্ত সেনাবাহিনী বা পুলিশের পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
আর গুলশান হামলায় জাপানি নাগরিকেরা নিহত হওয়ার কারণে মেট্রোরেল প্রকল্পে কর্মরত বিদেশিদের নিয়েও উদ্বিগ্ন মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সেই উদ্বেগের কথা জানিয়েছে। পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ। আর মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে একই মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই দুটি প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা বলেন, উদ্বেগ থাকলেও বিদেশিরা বাংলাদেশে না আসার কথা ভাবছেন না; বরং তাঁরা বাংলাদেশের হয়ে কাজ করার ব্যাপারে ব্যাপক আগ্রহী। তবে নিরাপত্তার নিশ্চয়তা চান।
সেতু বিভাগ সূত্র জানায়, ১৪ জুলাই পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠকে চারজন বিদেশি বিশেষজ্ঞের আসার কথা রয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের নাগরিক। আর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানির প্রধানসহ চীনেরও একাধিক বিশেষজ্ঞ থাকবেন ওই বৈঠকে।
সূত্র জানায়, প্রথমে চায়না মেজর ব্রিজ সেতু বিভাগকে চিঠি দিয়ে বিশেষজ্ঞ দলের সদস্যদের বিমানবন্দর থেকে প্রকল্প এলাকায় চলাচলের সময় সেনা কিংবা পুলিশি পাহারা দেওয়ার অনুরোধ করেছে। এরপর অন্য বিশেষজ্ঞরা তাঁদের উদ্বেগ জানিয়ে নিরাপত্তা চান। পরে সেতু বিভাগ বিশেষজ্ঞদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করে।
সূত্র জানায়, পুলিশ ও সেনাবাহিনী বিশেষজ্ঞদের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি থাকার কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের বিমানবন্দর থেকে সেতু নির্মাণস্থল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর পাহারায় নিয়ে যাওয়া হবে। বৈঠকের সময় প্রকল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। পদ্মা সেতু প্রকল্প এলাকায় আগে থেকেই সেনা নিরাপত্তা রয়েছে।
জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদেশিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিদেশি বিশেষজ্ঞরাও সরকারের নেওয়া পদক্ষেপে আশ্বস্ত। পদ্মা সেতুর কাজ কিংবা বিদেশিদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসনের কাজ করছে চীনা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পরামর্শক প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার। ঠিকাদার ও পরামর্শকদের ওপরে রয়েছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল, যার নেতৃত্বে আছেন ড. জামিলুর রেজা চৌধুরী। ঠিকাদারেরা কীভাবে কাজ বাস্তবায়ন করবেন, এর গুরুত্বপূর্ণ কারিগরি সিদ্ধান্ত দেয় এই বিশেষজ্ঞ কমিটি। ১৪-১৬ জুলাই পর্যন্ত বিশেষজ্ঞদের বড় বৈঠক বা মাইলস্টোন মিটিং হবে। এর আগে দুবার বড় বৈঠক হয়েছে। এবারের বৈঠকে পদ্মা সেতুর পাইলিং বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মেট্রোরেল লাইন-৬ নির্মাণ প্রকল্প চলমান। এর বাইরে ঢাকায় আরও দুটি মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সাত জাপানি বিশেষজ্ঞ প্রাণ হারিয়েছেন। সম্ভাব্যতা যাচাই দলের প্রধান আহত অবস্থায় এখন জাপানে। এই অবস্থায় বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
বিদেশিদের নিরাপত্তায় ডিএমটিসিএল গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই চিঠির কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) ও পুলিশের গুলশান জোনের পুলিশ দপ্তরেও দেওয়া হয়েছে। ঈদের আগেও ডিএমপির কমিশনার বরাবর চিঠি দেয় ডিএমটিসিএল।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল-৬ প্রকল্পে ২৫ জন বিদেশি বিশেষজ্ঞ কাজ করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ভারতের নাগরিকেরা রয়েছেন। বর্তমানে ১৫ জন বাংলাদেশে আছেন। বাকিরা ছুটিতে চলে গেছেন। জাপান সরকার ঢাকায় থাকা কর্মকর্তাদের ১২ জুলাই পর্যন্ত নিজ নিজ ঘরে থাকার পরামর্শ দিয়েছে। এরপরই বোঝা যাবে কবে নাগাদ কাজ শুরু করা যাবে।
জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিদেশিদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। ইতিমধ্যে মেট্রোরেলের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিদেশিদের বাইরে বের হলে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বাইরেও নিরাপত্তা দেওয়া হবে। আর মেট্রোরেলের বিদেশি কর্মকর্তারা ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল প্রকল্পের জন্য গুলশান ও উত্তরায় তিনটি কার্যালয় রয়েছে। উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় নির্মাণকাজ চলছে। এই অবস্থায় বিদেশিদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে। ডিএমটিসিএল কর্তৃপক্ষও কিছু আনসার নিয়োগের চেষ্টা চালাচ্ছে বলে সূত্র জানিয়েছে।