পদ্মা-গড়াইয়ে হঠাৎ পানি বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পদ্মা নদী ও পদ্মার শাখা গড়াই নদে গত এক সপ্তাহে প্রায় এক মিটার পানি বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হঠাৎ করে এ পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে উজান থেকে আরও পানি আসছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হকের মতে, উজানে বৃষ্টির কারণে হয়তো পানি বাড়ছে।
যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, কাল সোমবার যৌথ নদী কমিশনের ভারতীয় সদস্যরা বাংলাদেশ আসছেন। তাঁরা বাংলাদেশের একটি দলের সঙ্গে যৌথভাবে পদ্মার হার্ডিঞ্জ সেতু ও গড়াই নদের একটি পয়েন্ট পরিদর্শন করবেন। পরে দল দুটি যৌথভাবে একটি সম্মেলনে অংশ নেবে। ওই সম্মেলনে দুই দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে পদ্মা নদী ও গড়াই নদের বিভিন্ন পয়েন্টে পানি বেড়ে যাচ্ছে। ১ এপ্রিল পদ্মা ও গড়াইয়ে পানি ছিল যথাক্রমে ৫ দশমিক ৪০ মিটার ও ৪ দশমিক শূন্য ১ মিটার। ২ এপ্রিল ৫ দশমিক ৪৫ ও ৪ দশমিক শূন্য ৩ মিটার, ৩ এপ্রিল ছিল ৫ দশমিক ৫৮ ও ৪ দশমিক শূন্য ৪ মিটার। গতকাল শনিবার গড়াইয়ে ছিল ৪ দশমিক শূন্য ৬ মিটার। এভাবে প্রতিদিনই পানির পরিমাণ বেড়ে চলেছে।