পদ্মা থেকে আসছে পানীয় জল
‘সকালের দিকে ট্যাপের পানির বেগ থাকে না। ফোঁটা ফোঁটা করে পড়ে। রাতে যখন কামকাজ কমে আসে তখন পানির বেগ বাড়ে, কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালেই বেশ পানি পড়ছে।’ রাজশাহী মহানগরের রানীনগর এলাকায় গৃহবধূ পলি বেগম (৪৫) তাঁর প্রতিবেশী মাসুদা বেগমের কাছে জানতে চান, নতুন কোনো পাম্প বসানো হয়েছে কি না। গতকাল বৃহস্পতিবার সকালে রানীনগর এলাকায় রাস্তার ধারে পানি নিতে আসা গৃহবধূরা এভাবেই আলাপ করছিলেন। নগরের এই পানিসংকট মোকাবিলার জন্য রাজশাহীতে এই প্রথম পদ্মা নদী থেকে ভূ-উপরিস্থ পানি শোধন করে মহানগরে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। নগরের শ্যামপুরে নবনির্মিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান পানি শোধনাগারটি গত বুধবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উদ্বোধন করেন। এর পর থেকে নগরের পূর্বাঞ্চলে পাইপলাইনে পানির সরবরাহ বেড়ে গেছে। গতকাল সকালে রানীনগর এলাকার ব্যবসায়ী আবু সাইদ বলেন, তাঁর বাড়িতেও তিনি লক্ষ করছেন, ট্যাপে পানি সরবরাহের পরিমাণ একটু বেড়েছে। এর আগে সকালের দিকে পানির প্রবাহ তেমন পাওয়া যেত না। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পানি সরবরাহ প্রকল্পের আওতায় আট একর জমির ওপর দুই ইউনিটের শোধনাগারটি নির্মাণে ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা। নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে ৩৫৩ কিলোমিটার। এখান থেকে প্রতি ঘণ্টায় নগরের পাইপলাইনে দুই হাজার ২৫০ ঘনমিটার পানি সরবরাহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, এত দিন ভূগর্ভস্থ পানি উত্তোলন করে মহানগরে সরবরাহ করা হতো। এই শোধনাগার থেকে পদ্মা নদীর পানি সংগ্রহের পর বিশুদ্ধ করে সরবরাহ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর মেরাজ উদ্দিন, কামরুজ্জামান, সিরাজ উদ্দিন আহমেদ, রবিউল আলম মিলু, মো. টুটুল, বেলাল আহমেদ, আব্দুল হামিদ সরকার টেকন, মো. আনোয়ারুল আমিন, মো. আনসার আলী, মো. জাহের হোসেন সুজা, মো. শহিদুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আরজাদ হোসেন, পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল বাশার, সাবেক প্রকল্প পরিচালক আফজাল হোসেন প্রমুখ।