পদ্মা থেকে এসবির পরিদর্শকের লাশ উদ্ধার
মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে গত বুধবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহত আরও একজনের লাশ গতকাল শুক্রবার সকালে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. নেছারউদ্দিন। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক ছিলেন।নেছারউদ্দিনের (৫০) বাড়ি বরগুনা সদর উপজেলার আশাখালী গ্রামে। তিনি বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ নিয়ে দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হলো।জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে ১১ জন যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় পদ্মা নদীতে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটটি ডুবে যায়। পরে আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে যাত্রীদের উদ্ধার করে। কিন্তু তখন জানা যায়, মহিউদ্দিন মোল্লা (২৯) নামের এক যাত্রী নিখোঁজ আছেন। পরের দিন গত বৃহস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় স্বজনেরা মাছ ধরা জাল দিয়ে মহিউদ্দিনের লাশ উদ্ধার করেন। আর কোনো যাত্রী নিখোঁজ নেই বলে তখন জানানো হলেও গতকাল সকালে স্বজনেরা নৌকা নিয়ে তল্লাশি চালিয়ে নেছারউদ্দিনের লাশ উদ্ধার করে।নেছারউদ্দিনের ছোট ভাই মাইনুদ্দিন জানান, গত বুধবার তাঁর ভাই ফোনে জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন। কিন্তু ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরের দিন তাঁরা পত্রিকায় স্পিডবোট সংঘর্ষ ও ডুবির খবর পান। এক দিন অপেক্ষা করার পর গতকাল সকালে তাঁরা লোকজন নিয়ে এসে নৌকায় করে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করেন।