পদ্মা থেকে সরিয়ে নেওয়া হলো বেড়া ও জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় দেওয়া বাঁশের বেড়া সরিয়ে নেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে গত বুধবার রাতে বেড়া ও জাল সরানো হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী সাজাপুর এলাকায় দেওয়া বাঁশের বেড়া ও জাল বুধবার গভীর রাতে তুলে নেন রাজবাড়ী সদর উপজেলার কয়েক ব্যক্তি। এ কাজে সহযোগিতা করেন পাবনার জেলেরা।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় জানান, গত মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেড়াটি অপসারণের নির্দেশ দেন।
বুধবার সরকারি ছুটি থাকায় পরদিন গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ মৎস্য কার্যালয় যৌথভাবে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেয়। কিন্তু গতকাল খুব সকালে দেবগ্রামের সাজাপুর এলাকায় গিয়ে পদ্মায় কিছুই না পেয়ে তাঁরা ফিরে আসেন। এ সময় স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, আগেভাগেই অভিযানের সংবাদ পেয়ে বুধবার রাতেই পদ্মা নদী থেকে জালসহ বাঁশের বেড়া সরিয়ে নেওয়া হয়েছে।