পদ্মা নদী উত্তাল স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি এবং শরীয়তপুরের মাঝিকান্দি ও চর জানাজাত—এই তিন নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল দ্বিতীয় দফা বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় দফায় বিকেল সোয়া চারটার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। তখন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার পর পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। কিন্তু সাড়ে চার ঘণ্টা পর আবার বন্ধ করে দিতে হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বিকেলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ছোট ও মাঝারি ফেরি চলাচল বন্ধ করে দিলেও চারটি রো রো ফেরি চালু ছিল। এগুলোতে করে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছিল। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত। এ অবস্থায় লঞ্চ চলাচল করা ঝুঁকিপূর্ণ।