পদ্মা নদী থেকে বালু উত্তোলন হুমকিতে গ্রাম ও লঞ্চঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের অনুমতি ছাড়াই অপরিকল্পিতভাবে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মধ্যে পড়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রাম ও মঙ্গলমাঝি-সাত্তার মাদবর লঞ্চঘাট।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইনপাড়া গ্রামের পাশে পদ্মা নদীর মাঝে একটি খননযন্ত্র বসিয়ে ২ জানুয়ারি থেকে স্থানীয় বালু ব্যবসায়ী ছায়েদ শেখ ও ফারুক মিয়া বালু উত্তোলন করছেন। নদীর যেখানে খননযন্ত্রটি বসানো হয়েছে, তার ২০০ মিটার দক্ষিণে ঢাকা-শরীয়তপুর নৌপথের মঙ্গলমাঝি-সাত্তার মাদবর লঞ্চঘাট। বালু উত্তোলন করে বোলগেটে (বালু পরিবহনের নৌযান) ভরে বিক্রি করা হয়। প্রতিদিন ওই স্থান থেকে ১০টি বোলগেট ভরা হয়। প্রতিটি বোলগেটে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ঘনফুট বালু ভরা হয়। প্রতি ঘনফুট বালু ৮-১০ টাকা দরে বিক্রি করা হয়। বালু উত্তোলনের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। পাইনপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকাটি প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙনের সৃষ্টি হয়। গত বর্ষায় এ এলাকার তিন শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। মঙ্গলমাঝি-সাত্তার মাদবর লঞ্চঘাটের ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাবে।’ লঞ্চঘাটের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ‘ঘাটের খুব কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের লোকজন এ পথ দিয়ে যাতায়াত করার সময় বালু উত্তোলন দেখেন। তার পরও কোনো ব্যবস্থা নেন না। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় আমরা বাধা দেওয়ার সাহস পাই না।’বালু ব্যবসায়ী সাহেদ শেখ বলেন, নদীর মধ্যে স্থানীয় ওহাব আলী সিকদারের জায়গা। তাঁর জায়গা ভাড়া নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, পদ্মা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন করার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।