পদ্মা নদী থেকে সাংবাদিকসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার জৌকুরা ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে গত শনিবার রাতে দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের একজন হলেন আলোকচিত্রী শাহরিয়ার রিমন (২৩) ও অন্যজন অজ্ঞাত (২৭)। শাহরিয়ার রিমন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের সেলিম রেজার ছেলে।

শাহরিয়ার রিমনের মা রোকসানা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গতকাল রোববার দুপুরে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেছেন।

রোকসানা বেগম জানান, রিমন প্রায় এক বছর ফোকাস বাংলায় আলোকচিত্রী হিসেবে কাজ করার পর ছয় মাস আগে বাড়ি চলে আসেন। তিনি শৌখিনভাবে রাজবাড়ীতে স্থানীয় পত্রিকায় আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। সম্প্রতি র‌্যাব সূর্যনগর থেকে নজরুল নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। এ ঘটনার ছবি তুললে নজরুলের সহযোগীরা তাঁকে নানাভাবে হুমকি দিতে থাকে। ৩১ জুলাই বেলা তিনটার দিকে রিমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ জানান, শনিবার বিকেলে পদ্মার হাটবাড়ীয়া চরে নদীর তীর থেকে রিমনের লাশ পাওয়া যায়। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

একই থানার এসআই অলোক কুমার ঘোষ জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার জৌকুরা ইউনিয়নের চরপদ্মা এলাকা থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গায়ে কাটা দাগ ও কপালে ফাটা চিহ্ন রয়েছে।