পদ্মা নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বাঁশের তৈরি বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় লোকজন। এতে ওই এলাকায় মাছ ধরতে না পারায় স্থানীয় জেলেদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। স্থানীয় ৭৯ জেলে ওই অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার পূর্ব শালিপুর মৌজার চরঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের মাঝামাঝি জায়গায় পদ্মা নদীর দুটি ধারার সংযোগস্থল (কোল) আছে। এর দৈর্ঘ্য দুই কিলোমিটার ও প্রস্থ ৫০০ মিটার। বালিয়াডাঙ্গি গ্রামের নজরুল সিকদার, ধনাই মৃধাডাঙ্গি গ্রামের রুহুল আমিনসহ কয়েকজন এ সংযোগস্থলের দুই পাশে বাঁশ ও জাল দিয়ে তৈরি বাঁধ দিয়ে মাছ চাষ করছে।
আয়নাল প্রামাণিক, শহীদ ব্যাপারীসহ স্থানীয় কয়েকজন জানান, যারা বাঁধ দিয়েছে তাঁদের লোকজন তাঁদের (জেলে) ওই স্থানে মাছ ধরতে দিচ্ছেন না। এ ছাড়া ওই স্থান দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারছে না।
গত ২৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর সংযোগস্থলে বাঁশ ও জালের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এ কাজে নিয়োজিত আবুল কাশেম খা নিজেকে শালেপুর মৎস্যজীবী সমিতির সভাপতি পরিচয় দিয়ে জানান, তাঁদের সমিতির ২৭ জন সদস্য ১৫ দিন আগে ওই স্থানে বাঁধ দিয়েছেন। চার দিন আগে তাঁরা সেখানে রুই ও কাতলের পোনা ছেড়েছেন। তিন মাস পর মাছগুলো ধরে বিক্রি করা হবে।
ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, ‘এলাকার মৎস্যজাীবীরা এ কাজ করছে। এতে আমি দোষের কিছু দেখি না।’ চরভদ্রাসনের বালিয়াডাঙ্গি গ্রামের নজরুল সিকদার দাবি করেন, ‘পূর্ব শালেপুর মৌজার পদ্মা নদীর সংযোগস্থলের ওই জমিটির মালিক আমিসহ ছয়জন। আমাদের জমিতে আমরা মাছ চাষ করছি। পানি আরও কমে গেলে ধান চাষ করব।’
নজরুল সিকদার জমির মালিকানাবিষয়ক এ বক্তব্য নাকচ করে দিয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুর রশিদ বলেন, ওই ব্যক্তিরা যে জমিকে নিজেদের দাবি করছে সে জমি তাঁদের নয়। এ জমির বর্তমান মালিক সরকার।
গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া স্মারকলিপিতে জেলেরা উল্লেখ করেন, ‘আমরা শালেপুর এলাকার অসহায় জেলে সম্প্রদায় পদ্মা নদীতে মাছ ধরে বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করি। কিন্তু নজরুল সিকদার ও রুহুল আমিন নদীতে বাঁশ ও জাল দিয়ে ফাঁদ নির্মাণ করে মাছ ধরায় আমরা ওই এলাকায় ঢুকতে পারছি না। মাছ ধরতে না পেরে অতিকষ্টে জীবনযাপন করছি।’
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আজম আলী বলেন, নৌচলাচলে ব্যাঘাত করে জাল দিয়ে আটকিয়ে মাছ চাষ করার কোনো সুযোগ নেই।
১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে নদীতে প্রতিবন্ধকতা বা বাঁধ দিয়ে মাছ চাষ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজ বেগম বলেন, এ কাজটি সম্পূর্ণভাবে বেআইনি। তাই জরুরিভিত্তিতে অভিযান চালিয়ে এ বেড়া অপসারণের উদ্যোগ নেওয়া হবে।