পদ্মা নদীতে অসময়ে পানিবৃদ্ধি, ডুবে গেল চরের আউশ ধান

কুষ্টিয়ায় পদ্মা নদীতে হঠাৎ পানি বেড়েছে। এতে নদীর চরে আবাদ করা অন্তত ১৫ হেক্টর জমির আউশ ধান তলিয়ে গেছে। গত শনিবার বিকেলে জেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
জানতে চাইলে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম সাহাব উদ্দীন গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, কয়েক দিনের অতিবর্ষণে যমুনা নদীতে পানি বেড়েছে। এতে ভাটিতে পদ্মার দিকে পানি এসে চরের আউশ ধান হঠাৎ নিমজ্জিত হয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া এলাকায় পদ্মাপাড়ে পানি অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সেখানে পদ্মার চরে থাকা ধানখেত পানিতে নিমজ্জিত হয়ে আছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধি পায়। এর আগে কখনো এই সময়ে এভাবে পানি বৃদ্ধি পায়নি। পানিতে পাকা ধান তলিয়ে যেতে থাকে। অধিকাংশ ধানই কাটার উপযোগী হয়েছিল। কিন্তু কাটার সময় পাওয়া গেল না। গত চার দিনে যে যতটুকু পেরেছেন, চর থেকে ধান কেটে বাড়িতে নিয়েছেন। কিন্তু পরিমাণে তা খুবই সামান্য।
দুপুরে পানিতে নেমে ধান কাটছিলেন কৃষক আব্বাস আলী। তিনি বলেন, ‘সব ধান ডুবে গেছে। যেটুকু পারছি, কাটার চেষ্টা করছি।’
পুরাতন কুষ্টিয়ার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, তিনিসহ তিনজন মিলে চরের ১৭ বিঘা জমিতে আউশ ধান বুনেছিলেন। কয়েক দিন আগে সেগুলো কেটে জমিতেই রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখতে পান, কাটা ধান পানিতে ডুবে আছে। মাত্র চার বিঘা জমির ধান সংগ্রহ করতে পেরেছেন তিনি।
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন বলেন, পদ্মার ওই চরে প্রতিবছর স্থানীয় বেশ কয়েকজন কৃষক প্রায় ১৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেন। মে মাসের প্রথম সপ্তাহের দিকে পাকা ধান কেটে ঘরে তোলেন তাঁরা। কিন্তু এবার হঠাৎ পানি বেড়ে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। তাঁরা পরিদর্শন করে দেখেছেন, পাঁচ হেক্টর জমির ধান পুরোটা ডুবে গেছে। পাঁচ হেক্টরের ধান কেটে নেওয়া সম্ভব হয়েছে। বাকি পাঁচ হেক্টর জমির ধান পানিতে ডুবে আছে।
কুষ্টিয়া পাউবো সূত্র জানায়, গত বুধবার পদ্মায় পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৪১ সেন্টিমিটার। গতকাল তা ছিল ৫ দশমিক ৮৬ সেন্টিমিটার। যমুনায় পানি বেড়ে যাওয়ায় হঠাৎ ভাটিতে পানি চলে এসেছে। এটা কখনো ঘটে না। তবে পানি নেমে যেতে পারে।
উপপরিচালক এম সাহাব উদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন। তালিকা হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।