পদ্মা নদীতে ডাকাতি, হামলায় আহত ৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দেউলিয়া এলাকায় পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার সকালে একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের দুজনকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, নদীতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ডাকাতেরা ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা লুটে নিয়ে গেছে। আহত দুই ব্যবসায়ী ঢাকার ধামরাই উপজেলার দেমরান গ্রামের আবদুল ওয়ারেফ ব্যাপারী (৫০) ও নুরুন্নবীকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল সকালে ঢাকার সাভার ও ধামরাই উপজেলার কয়েকটি এলাকার ২০-২২ জন ব্যবসায়ী গরু কেনার জন্য পাবনার কাজিরহাটে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে একটি ট্রলারে ওঠেন। সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি শিবালয়ে যমুনার মাঝ নদীতে পৌঁছালে অপর একটি ট্রলার নিয়ে ১৫-১৮ সদস্যদের একদল ডাকাত পিছু নেয়। ব্যবসায়ীরা তাঁদের ট্রলারটি নিয়ে দ্রুত ছুটতে শুরু করেন।
পরে ধাওয়া করে ডাকাতেরা গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের চর দেউলিয়া এলাকায় পদ্মা নদীতে গিয়ে ব্যবসায়ীদের ট্রলারে ওঠে পড়ে। এ সময় ডাকাতেরা বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এরপর ডাকাতেরা মারপিট ও কুপিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে চলে যায়। এ সময় ডাকাতের হামলায় পাঁচ ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে শিবালয় থানার পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার। গতকাল সন্ধ্যায় তাঁরা বলেন, ডাকাত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে বাকি ডাকাত দলের সদস্যদের আটক করতে নদীতে অভিযান চলছে। এ ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হবে।