পদ্মা নদীর বাঁধের ব্লক ধসে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটের টাঙন এলাকায় পদ্মা নদীর সুরক্ষিত বাঁধের ব্লক ধসে যাচ্ছে। এতে টাঙন এলাকা হুমকির মুখে পড়েছে। এদিকে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। এই অবস্থায় গতকাল শনিবার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৯ থেকে ২০০০ সালের দিকে এলাকায় সিমেন্টের ব্লক দিয়ে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন নদীর ধারে পাকা বাড়িঘর নির্মাণ করে। তবে যখন এই বাঁধ নির্মাণ করা হয়, তখন নিচে ঠিকমতো ‘ডাম্পিং’ (নিচে পাথর ফেলা) করা হয়নি। বাঁধের ঢালে শুধু ব্লক সাজিয়ে রাখা হয়। ফলে নির্মাণের কয়েক বছর পর থেকেই নিচের দিক থেকে ব্লক নেমে যেতে শুরু করে। টাঙন এলাকার আলালের মোড় এলাকায় গত বছর পাউবো থেকে কিছু সিনথেটিক বস্তা ফেলে ভাঙনের হাত থেকে বাড়িঘর রক্ষা করা হয়েছিল। এবারও পাউবোর লোকজন এসে দেখে যাচ্ছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫টি বাড়ির নিচ থেকে ব্লক সরে যাওয়ার উপক্রম হয়েছে। তার মধ্যে আলতাফ হোসেনের বাড়ি অবস্থা খুবই ভয়াবহ। গত বছরই তাঁর বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলা হয়েছিল। শুক্রবার বিকেলে আলতাফের বাড়ির সামনের অবশিষ্ট জায়গাটুকুও নদীতে নেমে গেছে। এ খবর পেয়ে গতকাল শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, আলতাফ সরদার তাঁর ঘর ভেঙে ইট খুলে পাশে সরিয়ে রাখছেন। তিনি বলেন, তাঁরা কয়েক দিন আগে থেকে পাউবোর লোকজনকে বলে আসছেন। তাঁরা সময়মতো ব্যবস্থা নিলে আজ তাঁর ঘর ভাঙতে হতো না। নদীর ভাঙনে তাঁরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

আলতাফের প্রতিবেশী রেজাউল করিম, হাবলু সরদার, মুক্তার হোসেন, মকবুল হোসেন, মোখলেসুর রহমান, তাহেসনসহ প্রায় ১৫ জনের বাড়িও হুমকির মুখে রয়েছে। রেজাউল বলেন, পাউবোর লোকজন এসে দেখে যান। বন্যার সময় কিছু বস্তা ফেলেন কিন্তু শুকনা মৌসুমে বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেন না। তাঁদের বাড়ি থেকে পূর্ব দিকে সামান্য দূরেই রয়েছে টাঙন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ জায়গা ভাঙার সঙ্গে সঙ্গে ওই বিদ্যালয় আর ঠেকানো যাবে না।

জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন,  এবার ‘জিও ব্যাগ’ প্রস্তুত করেছেন। ব্যাগ ভরার কাজ চলছে। স্থায়ীভাবে বাঁধ সংস্কারের একটি বড় প্রকল্পের ডিপিপি দাখিল করা হয়েছে। এটি অনুমোদন হলে বাঁধের সমস্যা থাকবে না।