পদ্মা নিয়ে সমালোচনা, উড়ালসড়কে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের ৫ বছর: যো গা যো গ
সরকারের ৫ বছর: যো গা যো গ

শেষ সময়ে এসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকায় তিনটি উড়ালসড়ক চালু করতে পেরেছে সরকার। বাহবা পেয়েছে হাতিরঝিল প্রকল্প। আবার নানা জটিলতা ও সিদ্ধান্তহীনতায় পদ্মা সেতু, মেট্রোরেল ও ঢাকা উড়ালসড়ক প্রকল্প এখনো দৃশ্যমান হয়নি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক প্রকল্পের কাজও নানা জটিলতায় শেষ হয়নি।
আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু, মেট্রোরেল, উড়ালসড়ক, কর্ণফুলী নদীর ওপর টানেল নির্মাণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।
কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে সাড়ে ১২ কোটি টাকা ব্যয় করে সমীক্ষা করছে সেতু বিভাগ। এতে ব্যয় হবে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এখন অর্থায়নের চেষ্টা চলছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীন আগ্রহ দেখালেও রাজনৈতিক অস্থিরতা শেষ না হলে অর্থায়ন পাওয়া যাবে না।
যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ৩১ অক্টোবর। দুটি চার লেনের কাজে মাটি ভরাটে একটু সময় বেশি লেগেছে। তবে কাজের অগ্রগতি খুব ভালো। ২০১৪ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
মেট্রোরেলের নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগ প্রায় চূড়ান্ত। এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে নির্মাণকাজ শুরু হবে ২০১৬ সালে। আর শেষ হবে ২০২৪ সালে। প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা।

আওয়ামী লীগ সরকার গঠনের পরই ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণে উদ্যোগ নেয়। কিন্তু কারিগরি সমস্যা ও বিমানবাহিনীর আপত্তিতে দুই দফা পথ পরিবর্তন হয়। এর ফলে প্রায় দুই বছর চলে যায় পথ ঠিক করতেই।

তবে পাঁচ বছরে সরকারের জন্য গলার কাঁটা হয়ে ছিল পদ্মা সেতু। দুর্নীতির অভিযোগ, বিশ্বব্যাংকের সঙ্গে অর্থায়ন নিয়ে জটিলতা এবং নিজস্ব অর্থায়ন—এই তিন চক্করে ঘুরপাক খেয়ে পাঁচ বছর কেটে গেছে। অবশেষে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মূল সেতু ও নদী শাসনের কাজ বর্তমান সরকারের মেয়াদে শুরু করা যাচ্ছে না। জাজিরা প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরুর মাধ্যমেই প্রকল্পের উদ্বোধন ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের সবচেয়ে বড় উপাদান মূল সেতু ও নদী শাসনে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বব্যাংকের সরে যাওয়ার পর এই দুটি কাজের জন্য প্রাকযোগ্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে না। ঠিকাদারদের অনুরোধে মূল সেতুর দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে এক দফা।

সরকারের নেওয়া বড় প্রকল্পের মধ্যে ঢাকার যানজট নিরসনে নেওয়া উড়ালসড়কগুলোই ছিল বেশি দৃশ্যমান। ২০১০ সালে নির্মাণকাজ শুরু করে তিন বছরের মধ্যে মেয়র হানিফ উড়ালসড়ক সীমিত আকারে ১১ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা।

গত ২৭ মার্চ মিরপুর-জিয়া কলোনি উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে এর সংযোগ সড়ক ও বনানী রেলক্রসিং উড়ালসড়ক উদ্বোধন করা হয়। ৩৬০ কোটি টাকার এই তিনটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল সেনাবাহিনীর। মিরপুরের মানুষ এখন সহজে বিমানবন্দর সড়কে উঠতে পারছে।

কুড়িল উড়ালসড়কটি সরকার যান চলাচলের জন্য খুলে দেয় গত ৪ আগস্ট। এটি নির্মাণে ব্যয় হয় ৩০৬ কোটি টাকা। প্রকল্পটি নিয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকার। তবে বাস্তবায়িত হয় বর্তমান সরকারের আমলে। এটি চালু হওয়ার ফলে প্রগতি সরণিতে যানজট কমে গেছে।

তবে সবচেয়ে বড় উড়ালসড়ক প্রকল্পটির কাজই শুরু হয়নি। বনানী থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার (সংযোগ সড়কসহ) উড়ালসড়ক নির্মাণের লক্ষ্যে ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) বাস্তবায়নের লক্ষ্যে থাইল্যান্ডভিত্তিক ইতাল-থাই কোম্পানির সঙ্গে চুক্তিও করে সরকার। এই প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় আট হাজার কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পথ ঠিক করতে না পারায় এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সময়মতো অর্থ জোগাড় করতে ব্যর্থ হওয়ায় এখনো কাজ শুরু হয়নি প্রকল্পটির।

তবে ব্যবসা-বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি ছিল অনেক কম। চলতি বছরেই ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার কথা ছিল। এই প্রকল্পের ব্যয় বাড়লেও কাজে গতি পায়নি। গত সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ হয়েছে ৩৯ শতাংশ। এরই মধ্যে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় বেড়ে গেছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দুই হাজার ৩৮২ কোটি টাকা। এখন দাঁড়িয়েছে তিন হাজার ১৯০ কোটি টাকা।

জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের কাজ হয়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯৯২ কোটি টাকা। ব্যয় আরও বাড়বে বলে জানা গেছে। কারণ, ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উচ্চ আদালত পর্যন্ত গড়ালে জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত ৩০ কিলোমিটার প্রকল্পের কাজ আটকে যায়। এরপর সেনাবাহিনীকে দেওয়া হয়েছে কাজ।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর প্রায় সবগুলোই ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সে তুলনায় অগ্রগতি হতাশাজনক। যোগাযোগ-অবকাঠামো খাতে চাহিদা যে হারে বাড়ছে, তার তুলনায় আগে থেকেই অনেক পিছিয়ে আছে দেশ। এর মধ্যে প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন না হওয়ায় সমস্যা আরও বাড়বে।

উড়ালসড়ক প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পর্কে সামছুল হক বলেন, এসব প্রকল্প স্থানীয় কিছু সমস্যার সমাধান করবে। পুরো দেশের যোগাযোগ সমস্যা সমাধান করতে হলে মহাসড়ক চার লেন করা, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সার্বিক সাফল্য বলা যেত।