পদ্মাপাড়ে যাওয়া হলো না তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউর রহমান ও রওশন আরা
আতাউর রহমান ও রওশন আরা

কথা ছিল ঈদের পরের দিন পরিবারের সবাই সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে যাবেন। পরিকল্পনামতো মেয়ের জামাই গাড়িও ঠিক করে রেখেছিলেন। তাই ফজরের নামাজ পড়েই আতাউর রহমান ও তাঁর স্ত্রী রওশন আরা মেয়ের বাসার উদ্দেশে রওনা হন। সঙ্গে নেন মেয়ের জন্য কোরবানির মাংস। মেয়ের বাড়িতে পৌঁছানোর আগেই একটি প্রাইভেট কার কেড়ে নেয় তাঁদের প্রাণ।
রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে আজ বুধবার ভোরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আতাউর ও রওশন আরা। এ সময় ঘটনাস্থলে আবেদ আলী (৬০) নামের এক পান দোকানদার আহত হন।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আতাউর রহমান ৯২১ নম্বর পূর্ব শেওড়াপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। রওশন আরা ছিলেন গৃহিণী। আজ বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়ি শোকে স্তব্ধ। ছেলে, ছেলের বউ, দুই মেয়ে, মেয়ের জামাই ও সাত নাতি-নাতনি যেন বুঝে উঠতে পারছে না কী থেকে কী হয়ে গেছে।
আতাউরের ছোট মেয়ের জামাই মহসিন হোসেন প্রথম আলোকে বলেন, পরিবারের সবাইকে নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে যাওয়ার কথা। মেয়ের বাসা থেকে রওনা দেবেন বলে ফজরের নামাজ পড়েই মোহাম্মদপুরের উদ্দেশে দুজনে রওনা দেন। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে ছিলেন। ৬০ ফুট চওড়া রাস্তা ছেড়ে সেখানে এসে গাড়িটা ধাক্কা দেয়।
কথা বলতে বলতে কেঁদে ফেলেন মহসিন। তিনি বলেন, ‘আমার মা-বাবা নেই। আমার মা-বাবার বিকল্প ছিলেন শ্বশুর-শাশুড়ি। তাঁদের কাছ থেকেই আদর পেয়েছি। এখন তাঁদেরও হারালাম। দুজনই খুব প্রাণবন্ত ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাইতেন।’
পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে আতাউর রহমান ও তাঁর স্ত্রী রওশন আরাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। আজ জোহরের নামাজের পর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন কবরস্থানে তাঁদের দাফন করা হয়। জীবিত সময়ের মতো মৃত্যুর পরও জায়গা হয়েছে পাশাপাশি। কবরস্থানে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি নতুন কবর। বৃষ্টির ছাঁট থেকে বাঁচাতে কবরের ওপরে দেওয়া হয়েছে পলিথিন।
নিহত দুজনের ছেলে মো. রায়হান প্রথম আলোকে বলেন, ‘বাসা থেকে বের হওয়ায় আগে আব্বা আমাকে ডাকত। আজকে ডাকে নাই। আম্মা আমার স্ত্রীকে বলে বের হয়। খবর পেয়ে গিয়ে দেখি, আম্মা এক দিকে পড়ে আছে, আব্বা আরেক দিকে।’
রায়হান বলেন, ‘আব্বার মাথা, বুকের ডান পাশ থেঁতলায় গেছে। আম্মার ডান চোখটা নষ্ট হয়ে গেছিল। গাড়িটা আব্বাকে খাম্বার মধ্যে লাগাইছি। টান দিয়া আম্মারে নিয়া আইল্যান্ডে বাড়ি খাইছে। আম্মাকে কয়েক ফুট টাইনা নিছে গাড়িটা।’ তিনি জানান, ঘণ্টা খানেক পরে তাঁদের সরাসরি মুন্সিগঞ্জে গিয়ে বাবা-মায়ের সঙ্গে যোগ দেওয়ার কথা।
শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে দ্রুতগতির ওই প্রাইভেট কারের ধাক্কায় আহত হন আবেদ আলী। তাঁর মেজ ছেলে আসাদুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাবার একটা হাত ভেঙে গেছে। দাঁত ভাঙছে। মাথার খুলিও ভাঙছে। অনেক রক্ত যাচ্ছে। আমাদের ঈদ শেষ।’ আসাদুল জানান, তাঁর বাবা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের একজন পরিচ্ছন্নতাকর্মী। ভোরে তিনি পরিচ্ছন্নতা কাজ করছিলেন। এ ছাড়া তাঁর বাবার শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে একটি পানের দোকান আছে।
সকালে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, কাজীপাড়ার দিক থেকে গাড়িটি আসছিল। ওই গাড়িতে তিন যুবক ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটি ফুটপাতে থাকা আতাউর রহমান ও রওশন আরাকে ধাক্কা দেয়। গাড়ির ভেতর থেকে মদের একটি অক্ষত বোতল এবং কয়েকটি ভাঙাচোরা বোতল পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। গাড়ির নম্বর পেয়েছি। সবকিছু মিলিয়েই তদন্ত চলছে।’

আরও পড়ুন: