৩০ দিনের মধ্যে পদ্মার বেড়া অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পর্যন্ত পদ্মা নদীতে মাছ শিকারের জন্য দেওয়া অবৈধভাবে বাঁশের বেড়া ৩০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই বাঁশের বেড়া নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। মাদারীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ নির্দেশনা পালন করে ১৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ২৭ অক্টোবর প্রথম আলোর শেষের পাতায় ‘পদ্মায় বাঁশের দীর্ঘ বেড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বেড়ার জন্য মাদারীপুরের কাওরাকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি, লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে একটি রিট আবেদন করেন ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা কামরুজ্জামান ওরফে কচি। পানি সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের তিন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মুন্সিগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, লৌহজং ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ১২ জনকে রিট আবেদনের বিবাদী করা হয়। ২ নভেম্বর ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষ হাইকোর্ট রুল ও অবৈধ স্থাপনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘১০ নভেম্বর বিকেলে হাইকোর্টের আদেশের কপিটি আমরা হাতে পাই। ওই দিন বিকেলেই নির্বাহী হাকিম ও শিবচরের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা খানমের নেতৃত্বে পদ্মা নদীর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে অভিযান চালানো হয়। অভিযানকালে নৌপথে বাঁশের বেড়া দেওয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন শিবচর উপজেলার কাদিরপুর ছিটু মোড়লের কান্দি গ্রামের শফিকুল ইসলাম মাঝি (৫১), একই উপজেলার কাদিরপুরের কাদির মুন্সীর কান্দি গ্রামের দীন ইসলাম (২২) ও কুতুপুর হাজী ফকিরের কান্দি গ্রামের মো. হাবিবুর রহমান (৩৫)। অভিযানকালে ১০০ মিটার কারেন্ট জাল ও ২৫টি বাঁশ জব্দ করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে শিবচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এ পথে বেড়ার ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। ওই পথের সব বেড়া অপসারণ করা হবে।’

গত ২৭ অক্টোবর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ২৯ অক্টোবর শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ ওই নৌপথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০টি বেড়া অপসারণ করেন।