পদ্মা-বড়ালের বুকে ধান-গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো রোপণের জন্য রাজশাহীর চারঘাটের মুংলী গ্রামের কৃষক আতাউর রহমান শ্রমিকদের নিয়ে বড়াল নদের তলদেশ সমতল করছেন। তিনি বলেন, ‘নদীর পাড়ে জমি যার বড়ালের তলা তার।’ এই হিসেবেই তাঁরা বড়ালের তলদেশে ধানের চাষ করছেন। প্রতিবছর ৬০-৭০ মণ ধান পান এই কৃষক।এককালে বড়াল যাঁদের জীবিকার প্রধান উৎস ছিল, সেই জেলেপাড়ার মানুষ এখন পেশা বদলে কেউ রিকশা-ভ্যান চালাচ্ছেন, কেউ ব্যবসা-বাণিজ্য করছেন।একইভাবে চাষ চলছে তানোরের শিব নদের তলদেশে। আবার পদ্মাও রাজশাহী শহর থেকে চর ফেলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটি ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। ফেলে যাওয়া চরে চাষাবাদ শুরু হয়ে গেছে।রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে বড়ালের উৎপত্তি। এর দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার। ১৩ মার্চ সরেজমিনে চারঘাটে স্লুইসগেটের ওপর দাঁড়িয়ে দেখা যায়, পূর্ব দিকে বড়ালের তলদেশে কৃষকেরা গমের চাষ করছেন। যত দূর চোখ যায়, শুধু গমের খেত। গমখেতের পর কৃষকেরা করছেন ধানের চাষ।চারঘাটের খুর্দ্দগোবিন্দপুর গ্রামের কৃষক দানেশ আলী তাঁর তিন ছেলেকে নিয়ে বড়ালের তলায় খেতে কাজ করছিলেন। দানেশ বলেন, নদের উত্তর পাড়েই তাঁর জমি। এ জন্য নদের উত্তর পাড়ের অর্ধেকে তিনি ধানের চাষ করেছেন। তিনি এখান থেকে ৩০-৩৫ মণ ধান পান।খোঁজ নিয়ে জানা গেছে, বাঘার আড়ানী, নাটোরের বাগাতিপাড়ার জামনগরসহ বিভিন্ন এলাকায় বড়ালের তলদেশ যেখানেই উঁচু হয়ে উঠেছে, সেখানেই স্থানীয় কৃষকেরা ধান ও গমের চাষ করেছেন।রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ১৯৮৫ সালের আগে বড়াল নদ দিয়ে প্রায় ২১ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো। ১৯৮৫ সালের পর নদের মুখে একটি সু্লইচগেট নির্মাণ করা হয়। এর পরও এই নদ দিয়ে পাঁচ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো। কিছুদিনের মধ্যেই বড়ালের মুখে বিশাল বালুর স্তূপ জমে। এতে পানির প্রবাহ কমে গিয়ে বড়ালের উৎসমুখ বন্ধ হয়ে যায়। ২০০৯ সালের মার্চে এক কোটি টাকা ব্যয়ে বড়ালের উৎসমুখ খনন করা হয়। এর পর থেকে শুকনো মৌসুমে উৎসমুখ শুকিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, বড়ালের বড় সমস্যা হচ্ছে স্লুইসগেট। এর একটি চারঘাটে, অপরটি নাটোরের দয়ারামপুরে অবস্থিত।স্থানীয় লোকজনের দাবি, শুধু খনন করলেই হবে না। অবিলম্বে স্লুইসগেট অপসারণ করতে হবে। চারঘাটের কলেজশিক্ষক এস এম মোজাম্মেল বলেন, স্লুইসগেট অপসারণ করা না হলে অতীতে যেমন উৎসমুখে বালুর স্তূপ জমেছিল, আবার তাই হবে। পাশাপাশি বড়ালের অনেক জায়গা ভরাট হয়ে গেছে। তা-ও খনন করা জরুরি।রাজশাহী পাউবোর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘সেচের পানি ধরে রাখতে বড়ালের দুই মাথায় স্লুইসগেট বসানো হয়েছিল। এতে হয়তো পানির আগের প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্লুইসগেটগুলো আপাতত ভাঙার কোনো সিদ্ধান্ত নেই পাউবোর।’বড়ালে পানি না থাকায় জেলার বাঘা, চারঘাট ও বাগাতিপাড়া এই তিন উপজেলার পাঁচ শতাধিক জেলে পরিবার বেকার হয়ে পড়েছে। তারা অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছে। স্থানীয় জেলেদের হিসাব মতে, বড়ালে পানি না থাকায় অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে।চারঘাটের ঝিকড়া জেলেপাড়ায় গিয়ে দেখা যায়, অনেকেই পেশা ছেড়ে দিয়ে এখন পাপড় তৈরি করছেন। কেউ রিকশা-ভ্যান চালাচ্ছেন। জেলেপাড়ায় ঢুকতেই দেখা যায়, সুরেশ হালদার তাঁর বাড়ির আঙিনায় পাটি বিছিয়ে রোদে পাপড় শুকাচ্ছেন। বাড়ির ভেতর তাঁর স্ত্রী অসীমা হালদার চুলায় পাপড় তৈরি করছেন। সুরেশ বলেন, ‘বড়াল নদী মরে আমাদেরও মেরে গেছে। এখন বাঁচতে হইলে কিছু একটা করা লাগবি। তাই এইসব কাজ করছি।’ নওগাঁর মান্দা বিলের আত্রাই নদীর পুরাতন ধারা থেকে শিব নদের উৎপত্তি। নদটি রাজশাহীর তানোর উপজেলার ভেতর দিয়ে এসে পবা উপজেলার মহানন্দাখালীতে বারনই নাম ধারণ করেছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই নদটি একেবারে ভরাট হয়ে গেছে। এর সিংহভাগেই ধানের চাষ হচ্ছে।তানোরের গোল্লাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, এভাবেই দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন শিব নদে চাষাবাদ করছেন। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী জিয়াউল বাসেত বলেন, নদী তো আর ইজারা দেওয়া যায় না। তাই নদীর পাড়ে যার জমি আছে তারাই সেখানে চাষাবাদ করছেন।এদিকে পদ্মা প্রায় পাঁচ কিলোমিটার চর ফেলে রাজশাহী শহর থেকে দক্ষিণ দিকে সরে গেছে। এই চরে চলছে ব্যাপক চাষবাস। স্থানীয় কৃষকেরা বলছেন, এই চরে তিন ধরনের ফসল হচ্ছে। যেখানে বালুর পরিমাণ বেশি সেখানে মসুর। যেখানে একটু কম সেখানে গম। আর যেখানে মাটি পড়েছে, সেখানে ধানের চাষ হচ্ছে। ১৩ মার্চ পদ্মার চর এলাকায় গিয়ে দেখা যায়, নগরের দাসপুকুর এলাকার হাফিজুল ইসলাম (২৫) তাঁর ধানখেতের পরিচর্যা করছেন। তিনি বলেন, তাঁরা ১০০ বিঘার মতো জমি আবাদ করেছেন।