পদ্মা ভাঙছে সড়ক ও সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার প্রবল স্রোতে পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তী ভোমরা খালের ওপর নির্মিত সড়কটি ভেঙে যাওয়ায় সেখানকার একটি সেতুও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সড়ক ও সেতুটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামে অবস্থিত।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পাবনা জেলা শহর থেকে সাত কিলোমিটার এগোলেই পদ্মা নদী। নদীর এপারে পাবনা, ওপারে কুষ্টিয়া। সাদিপুর ইউনিয়ন কুষ্টিয়ার অংশ হলেও সীমানা নিয়ে জটিলতার কারণে পাবনা এলাকায়ই রয়ে গেছে। পদ্মা থেকে একটি বড় খাল উঠে এসে ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করেছে। দুই পারের বাসিন্দাদের একত্র করেছে সেতুটি। পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোত বইছে সেতুর নিচ দিয়ে। এতে সেতুর দুই পাশের সড়ক ভেঙে পড়েছে। আর সড়কের মাটি সরে যাওয়ায় সেতুটিও ভেঙে এক পাশে কাত হয়ে আছে। আধা ভাঙা সেতুর ওপর দিয়ে সাইকেল, রিকশাভ্যান ও মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন এলাকাবাসী।
এলাকার লোকজন ও ইউপি সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট থেকে পদ্মার পানি বাড়তে শুরু করলে প্রবল স্রোতে সড়কটি ভাঙতে থাকে। এ সময় ইউপি কার্যালয় থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। কিন্তু উপজেলা থেকে কোনো সহযোগিতা আসে না। পরে এলাকাবাসী ইউপির সহায়তায় বালুর বস্তা ফেলে ও চাটাই দিয়ে সড়কটি রক্ষার চেষ্টা শুরু করেন। একপর্যায়ে পানির তোড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে সড়কটি ভেঙে যায়, সঙ্গে সেতুটিও।
ডেউরপাড়া গ্রামের আজম আলী বলেন, ‘আমরা নদীর এপারে থাহি জন্নি সব সময় অবহেলা শিকের হই। আমাগের কুনু ক্ষতি হলি কেউ খবর নেয় না।’
চর সাদিপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কটিতে ভাঙন শুরুর পর থেকেই উপজেলা প্রশাসনকে বিষয়টি জানাচ্ছি। কিন্তু কোনো সহযোগিতা পাইনি। পরে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রায় এক লাখ টাকা খরচ করে বালুর বস্তা ফেলেছি।’
কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ উজ জামান প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের চিঠি আমরা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থায়ীভাবে সড়ক ও সেতুটি রক্ষায় একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। অন্যদিকে প্রাথমিকভাবে একটি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।’