পদ্মা মেঘনা যমুনায় ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ
ইলিশ

শরীয়তপুরে পদ্মা ও মেঘনা এবং রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। প্রায় সব আকৃতির ইলিশের পেটে ডিম রয়েছে। জেলে ও মৎস্য কর্মকর্তাদের দাবি, প্রজনন মৌসুমের ২২ দিনে সব ইলিশ ডিম ছাড়তে পারেনি।
প্রতিবছর ২০ দিন থেকে ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ করা হয়। এ বছর ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২৩ অক্টোবর থেকে জেলেরা নদীতে অবাধে ইলিশ ধরতে নামেন। তাঁদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী হাটবাজারগুলোতে কম দামে এসব ইলিশ বিক্রি হচ্ছে। এসব ইলিশের ওজন ২০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম। প্রায় সব ইলিশের পেটে ডিম।
এ বিষয়ে জনতে চাইলে ভোলার দৌলতখান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম আশ্বিনের পূর্ণিমার সময়। ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ মিঠা পানির নদীতে আসে। ডিম ছাড়ার পর মা ইলিশের ঝাঁক নদী ও সমুদ্রের মোহনায় কয়েক দিন অবস্থান করে। এরপর আবার সমুদ্রে ফিরে যায়। যে ইলিশ পূর্ণিমার সময় ডিম ছাড়তে পারে না, সেগুলো অমাবস্যার সময় ডিম দেয়। পূর্ণিমা ও অমাবস্যায় সেসব ইলিশ সময় পায় না, সেগুলো ডিম ছাড়ার জন্য নদীতে অপেক্ষা করে। এখন সেই ইলিশগুলো জালে ধরা পড়ছে। যেসব ইলিশ মোহনায় ও সাগরে ধরা পড়ছে, সেগুলোর পেটে ডিম নেই।
শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার ১০টি ইলিশ অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনরাত জেলেরা ইলিশ নিয়ে এসব কেন্দ্রে আসছেন। ২০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের এক হালি ইলিশ ২০০ টাকা থেকে ১ হাজার টাকা।
গোসাইরহাট উপজেলার কোদালপুর ৬ নম্বর ঘাট ইলিশ অবতরণ কেন্দ্রের আড়ত মালিক মানিক সরদার বলেন, ইলিশে নদী ভরে গেছে। জেলেরা জাল ফেললেই ইলিশ উঠছে। প্রতিটি ইলিশের পেটেই ডিম পাওয়া যাচ্ছে। ইলিশ বেশি পাওয়া যাচ্ছে বলে দাম কম। এ অঞ্চলে ইলিশ মজুতের ব্যবস্থা নেই। এ কারণে প্রতিদিনের ইলিশ প্রতিদিন বিক্রি করে দিতে হয়। পেটে ডিম থাকার কারণে দাম আরও কম।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, পূর্ণিমা ও অমাবস্যায় সব ইলিশ মাছ ডিম ছাড়তে পারেনি। এ কারণে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে।
এদিকে রাজবাড়ীতে পদ্মা ও সংযুক্ত যমুনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গোয়ালন্দের প্রধান বাজারসহ দৌলতদিয়ার পদ্মা নদী ও সংলগ্ন যমুনা নদীতে দেখা গেছে, শত শত নৌকা নিয়ে জেলেরা ইলিশ ধরছেন। বড় বা মাঝারি আকৃতির অধিকাংশ ইলিশের পেটভর্তি ডিম। বাজারগুলোতে দেদার বিক্রি হচ্ছে। অন্যান্য সময়ের তুলনায় দাম অনেকটা কম।
ঢাকা থেকে ইলিশ কিনতে দৌলতদিয়া টার্মিনাল বাজারে এসেছেন ব্যবসায়ী আনোয়ার শেখ। তিনি বলেন, ‘সকাল থেকে প্রায় সাড়ে চার মণ ইলিশ কিনেছি। ছোট ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ২০০ টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ৩০০ থেকে ৩৫০ টাকায়, ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ৪০০ থেকে ৫০০ টাকায় এবং ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ কিনেছি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে।’
বাজারের আড়তদার মেজেক মোল্যা (৫০) বলেন, এখানে ১৩ জন আড়তদার আছেন। প্রত্যেকের ঘরে প্রতিদিন সকাল থেকে দশটা পর্যন্ত ৮-১০ মণ ইলিশ বিক্রি হয়। সারা দিনে কয়েক শ মণ ইলিশ বেচাকেনা হচ্ছে।
হাসমত নামের একজন জেলে বলেন, জাল ফেললেই ২০-৩০ কেজি, কখনো এক মণ ইলিশও উঠছে। এর মধ্যে অধিকাংশ ইলিশের পেটে ডিম রয়েছে। তবে অনেক ছোট বা জাটকাও রয়েছে।