পদ্মা-মেঘনার ১৩০ কিলোমিটারে দুই শতাধিক ভেসাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকারের পর এবার স্থানীয় জেলেরা ভেসাল দিয়ে জাটকা ও পোনা নিধন করছেন। পদ্মা ও মেঘনার ১৩০ কিলোমিটার এলাকায় দুই শতাধিক ভেসাল দিয়ে মাছ শিকার চলছে। স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই নদীতে এসব ভেসাল তৈরি করা হয়েছে।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও মেঘনার শরীয়তপুর অংশে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পর্যন্ত ১৩০ কিলোমিটার নদীতে এসব ভেসাল তৈরি করা হয়েছে। স্থানীয় জেলেরা গত এক সপ্তাহে ভেসালগুলো তৈরি করেছেন বলে জানা গেছে। প্রতিটি ভেসাল তৈরিতে খরচ পড়ে আট থেকে ১০ হাজার টাকা। প্রতিদিন একেকটি ভেশালে তিন থেকে পাঁচ হাজার টাকার জাটকা ধরা পড়ে। ভেসালগুলো গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি, গরিবের চর, কোদালপুর; ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া, চর সেনসাস, কাটিকাটা, চরভাগা; নড়িয়া উপজেলার ঘড়িষার, চরআত্রা, নওপাড়া; জাজিরা উপজেলার কুণ্ডের চর, পালের চর, পূর্ব নাওডোবা ও নাওডোবা এলাকায় তৈরি করা হয়েছে।জেলা মত্স্য কার্যালয় সূত্র জানায়, নভেম্বর থেকে মে মাস পর্যন্ত নদীতে নয় ইঞ্চির ছোট সব মাছ ও জাটকা ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। আইন অমান্যকারীকে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এক মাস থেকে সর্বোচ্চ এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হতে পারে। মত্স্য মন্ত্রণালয় জেলেদের জন্য ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আপত্কালীন সময় ঘোষণা করেছে। এ সময় শরীয়তপুরের নয় হাজার ৫৬৭টি পরিবারের মধ্যে এক হাজার ১০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। মাসে প্রতিটি জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া জেলেদের পুনর্বাসনের জন্য নগদ ৪০ লাখ টাকা এক হাজার ৪৭০টি পরিবারের মধ্যে বিতরণ করা হবে। প্রতি পরিবার দুই থেকে পাঁচ হাজার টাকা করে পাবে।গোসাইরহাট উপজেলার চর জালালপুর গ্রামের জেলে মফিজুল (৪৫) বলেন, ‘নদীতে ভেসাল পেতে মাছ শিকার করছি। এ জন্য কারও কাছ থেকে অনুমতি নিইনি। প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার মাছ পাই। তবে ছোট মাছই বেশি পড়ে। ইউনিয়ন পরিষদ থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে। আমরা মাসে ৩০ কেজি করে চাল পাই। চার মাস এ চাল পাব। পরিবারের সদস্য বেশি। অন্য কোনো কাজ না থাকায় নদীতে সব সময় মাছ ধরি।’জাজিরা উপজেলার কলমিরচরের জেলে মোবারক (৩৫) খানিকটা রাগত স্বরে বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিরা পদ্মায় বড় বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। তাঁদের কোনো অনুমতি না লাগলে আমাদের অনুমতি লাগবে কেন?’ নড়িয়া উপজেলার বীর মৈশাল গ্রামের জেলে মোতালেব মিয়া ও জসিম বলেন, ‘নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে হলে চাঁদা দিতে হয়। তাই আমাদের এলাকায় ভেসাল দিয়ে মাছ ধরছি।’কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার মুন্সি বলেন, ‘আমার এলাকায় মেঘনা নদীতে ভেসাল তৈরি না করার জন্য অনুরোধ করেছি। জেলেদের ডেকে সভা করেছি। তাদের পোনা মাছ শিকার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছি। তার পরও অনেকে ভেসাল দিয়ে মাছ ধরছে।’ জেলা মত্স্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পদ্মায় বাঁশের বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীতে ভেসাল দিয়ে মাছ শিকার করাও অপরাধ। ভেসালগুলো অপসারণ করার উদ্যোগ নেওয়া হবে।’ জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে বাঁধ ও ভেসাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।