পদ্মা-মেঘনায় ১১ দিন ইলিশ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ১১ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার (১৩ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ২৩ অক্টোবর পর্যন্ত। মা-ইলিশ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
চাঁদপুর জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, এ বছর ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়েছে। এই দিনগুলোতে ইলিশ শিকার বন্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাসংলগ্ন নদী, মাছবাজার ও আড়তগুলোতে ২৪ ঘণ্টা অভিযান চলবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে দায়ী ব্যক্তিদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হবে।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশগবেষক আনিসুর রহমান জানান, আশ্বিনের ভরা পূর্ণিমায় মা-ইলিশ প্রচুর ডিম ছাড়ে। পূর্ণিমার আগের পাঁচ ও পরের পাঁচ দিনকে ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময়ে মা-ইলিশ উপকূলীয় এলাকা থেকে ডিম ছাড়তে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আসে। তাই এ সময় ইলিশ না ধরা হলে মাছটির বংশবিস্তার বাড়বে।
জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে মৎস্য বিভাগের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ বছর সরকার ইলিশের প্রজনন মৌসুমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এ কার্যক্রম সফল করার পরিকল্পনা নিয়েছে।