পদ্মা-যমুনায় শুশুক নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও যমুনায় মাছ ধরতে জেলেরা এখন শুশুকের তেল ব্যবহার করছেন। এর ব্যাপকতা এতই যে, বহু জেলে মাছ ধরার পাশাপাশি শুশুক ধরায়ও উৎসাহী হয়ে উঠছেন। পদ্মা ও যমুনার প্রায় ৩০টি এলাকায় ঘুরে এই চিত্র দেখা গেছে।রাজশাহীতে পদ্মার ইউসুফপুর, বড়াল নদীর মুখ, গোদাগাড়ীর বকচর ও পাঙ্গাশ অভয়ারণ্যে নদীর গভীরতা বেশি। সাধারণত এসব জায়গায় মাছও অনেক। তাই ছোট-বড় শুশুক দল বেঁধে এখানে আনাগোনা করে। এবার নদীতে মাছ তুলনামূলক কম অথচ জেলেদের সংখ্যা বেশি। মাছের সমাগম বাড়াতে জেলেরা শুশুকের তেল ব্যবহার করছেন। একটি নির্দিষ্ট এলাকায় শুশুকের তেল ছিটিয়ে জেলেরা ঘের পেতে মাছ ধরছেন। এমনকি বাংলাদেশের একমাত্র পাঙ্গাশ অভয়ারণ্যেও জেলেরা এই পদ্ধতিতে মাছ ধরছেন। এ জন্য এসব এলাকায় শুশুকের তেলের চাহিদা যথেষ্ট। একশ্রেণীর জেলে বড় বড় শুশুক ধরার জাল তৈরি করে অবাধে এগুলো ধরছেন। দেখার কেউ নেই। একটি শুশুক ধরতে পারলেই মোটা অঙ্কের টাকা আসে। প্রতিটির দাম দুই থেকে তিন হাজার টাকা। আর প্রতি লিটার তেল ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। শুধু পদ্মায় নয়, যমুনায় ঘুরেও বেশ কয়েকটি জায়গায় একই চিত্র দেখা গেছে। চিলমারীর তিস্তা নদীর লালসামারচর, সাপেরচর, রৌমারীর আশপাশে বহু জেলে শুশুক ধরার কাজে নিয়োজিত। এমনকি ফুলছড়িতে কচ্ছপ ও শুশুক বেচাকেনার একটি আড়তও গড়ে উঠেছে। গাইবান্ধার বালাসীঘাট থেকে নিশ্চিন্তপুর ও বুলবুলিতে যমুনার গভীরতা বেশি থাকায় এসব এলাকায় দেদারসে শুশুক ধরছে একটি চক্র। এভাবে হরহামেশা শুশুক ধরা হলেও প্রশাসন বা বন ও পরিবেশ মন্ত্রণালয় এ ব্যাপারে নীরব। এমনকি নদীর আশপাশে বিডিআর ক্যাম্পগুলোর সামনেই এই নির্মম কার্যকলাপ চললেও তারা বিষয়টি আমলেই নেয়নি। এ ব্যাপারে রাজশাহীর ইউসুফপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে শুশুক মারার ঘটনা সম্পর্কে অবগত নন বলে এক কর্মকর্তা জানান। শুশুকের ইংরেজি নাম-ধেহমবঃরপ জরাবৎ উড়ষঢ়যরহ বৈজ্ঞানিক নাম-চষধঃধহরংঃধ মধহমবঃরপধ. দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৫ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় ১০০ কেজি পর্যন্ত হয়। চোয়ালের উভয় পাশে ২৭-৩২টি দাঁত আছে। গায়ের রং সিসার মতো বা চকচকে কালো হতে পারে। পাখনার বদলে মাংসল পিণ্ড দেখা যায়। খাবার জন্য শুশুকেরা বেশ ছোটাছুটি করে এবং দল বেঁধেও চলে। গর্ভধারণের সময় প্রায় নয় মাস, এপ্রিল থেকে জুনের মধ্যে এরা এক থেকে দুটি বাচ্চা দেয়।বাংলাদেশে গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদে শুশুক দেখা যায়। বুড়িগঙ্গায়ও একসময় এগুলো দেখা যেত। সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্টের (ক্যারিনাম) এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর যত শুশুক পরিবেশদূষণে মারা পড়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি মারা পড়ছে জেলেদের হাতে। এখনই শুশুকের জন্য অভয়ারণ্য ঘোষণা না করলে বা শুশুক ধরা বন্ধ না করলে দ্রুতই নদীর প্রাণ শুশুক হারিয়ে যাবে বলে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। সম্প্রতি বাংলাদেশ সিটাসিয়ান ডাইভার্সিটি প্রকল্প সুন্দরবনের কিছু নদ-নদীর অংশবিশেষকে শুশুক অভয়ারণ্য ঘোষণার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছে। বৈজ্ঞানিক ভাষায় ডলফিন, পরপোইজ ও তিমিকে সম্মিলিতভাবে সিটাসিয়ান বলা হয়। ক্যারিনাম পদ্মা ও যমুনায় যে জায়গাগুলো শুশুকের জন্য গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে, সেগুলোও অভয়ারণ্য হতে পারে।