পদ্মা সেতু উদ্বোধনের দিন বুয়েটের সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত
আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে৷ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
আজ বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷
এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ১৮ জুন বুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সব ক্লাস বন্ধ রাখার আবেদন করা হয়৷ তাঁরা টেলিভিশনেই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে চান৷ এর পরিপ্রেক্ষিতে ওই দিন বুয়েটে সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে৷ তবে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য বুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই৷ শিক্ষার্থীদের কেউ পদ্মা সেতু এলাকায় সরাসরি যেতে চাইলে ব্যক্তিগতভাবে যেতে হবে৷