পদ্মা সেতু উদ্বোধনের দিন লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সেতু উদ্বোধন করবেন। এ জন্য শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পদ্মা সেতুসংলগ্ন নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি বিশেষ নৌ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান নিরাপদভাবে সম্পন্ন করতে পদ্মা সেতুসংলগ্ন নৌপথ এলাকায় এই নির্দেশনা বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ব্যতীত অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়নের কাজে ব্যবহারের উদ্দেশ্যে অনুমোদিত নৌযানগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।