পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। আমরা পদ্মা সেতুর দৃশ্যমান বাস্তবতা দেখতে পাব। চলতি বছরে মূল পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হবে। এ লক্ষ্যে শিগগিরই দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন করে কার্যাদেশ দেওয়া হবে।’
মন্ত্রী আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর সংযোগ সড়ক পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
এর আগে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে অর্থের আর কোনো সমস্যা নেই। তাই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে।’ তিনি বলেন, ‘আগামী সাড়ে তিন বছরে স্বপ্নের জায়গাটি আমরা স্পর্শ করতে পারব। সে লক্ষ্যে সব কর্মকাণ্ড চলছে।’
এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে থাকা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, ইতিমধ্যে দুই হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগামী জুন মাসের মধ্যেই খরচ করা হবে। পদ্মা সেতু বাস্তবায়নে পাঁচটি প্যাকেজ হাতে নেওয়া হয়েছে। প্রথমটি জাজিরা অ্যাপ্রোচ রোড, দ্বিতীয়টি মাওয়া অ্যাপ্রোচ রোড, তৃতীয়টি থাকার জন্য বাসস্থান, চতুর্থটি মেইন সেতু ও পঞ্চমটি নদী শাসন। তিনি বলেন, ‘এই সেতু বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

পরে দুই মন্ত্রী পদ্মা পার হয়ে মাদারীপুরের কাওড়াকান্দিতে পদ্মা সেতুর এলাকা পরিদর্শন করে সভা করেন। এ সময় সেতু বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।