দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একটি রূপরেখা তৈরির বিষয়ে ঢাকায় আজ বাংলাদেশ ও কাতারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের নদী পুনঃ খননে খননযন্ত্র (ড্রেজার) সরবরাহ, পদ্মা সেতু ও বিদ্যুেকন্দ্র নির্মাণে সহায়তা ছাড়াও দেশের অবকাঠামো উন্নয়নে কাতারের সহযোগিতার বিষয় অগ্রাধিকার পাবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও কাতারের নেতৃত্বে থাকবেন সফররত আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়াহ। চার দিনের সফরে আত্তিয়াহ গতকাল বুধবার ঢাকায় এসেছেন। বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। জানা গেছে, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাতারের সহযোগিতা পাওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে সহযোগিতা চাওয়া ছাড়াও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হবে। এদিকে গতকাল দুই দেশের কর্মকর্তা পর্যায়ের বৈঠক হয়। এতে নদী পুনঃ খনন ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে কাতারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।গত বছরের অক্টোবরে শেখ হাসিনা কাতার সফরে যান। ওই সময় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন খালিফা আল থানি পদ্মা সেতু নির্মাণ, নদী পুনঃ খননসহ বাংলাদেশের বেশ কিছু উন্নয়ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দেন।