পদ্মা সেতু কারও নামে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে। বিশেষ কোনো ব্যক্তির নামে হবে না।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা মিলে সিদ্ধান্ত নিয়ে সংসদে আমাকে ডেকে নিয়ে জানিয়েছেন, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে; কারও নামে পদ্মা সেতুর নাম হবে না।’
যোগাযোগমন্ত্রী বলেন, ‘অনেকে সংসদ এবং সংসদের বাইরে পদ্মা সেতুর নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে করার দাবি জানিয়ে আসছেন। এটা নিছক তাঁদের আবেগই নয়, যথেষ্ট যুক্তিও আছে। কারণ, এই মহীয়সী নারী আড়াল থেকে অনেক কিছুই করেছেন, যা এক নামেই শেষ করা হবে না। কিন্তু বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে।’
ঈদের পর বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই হুমকি দিক, আন্দোলন করার শক্তি, সাহস কোনোটাই তাদের নেই। গত পাঁচ বছরে তা বারবার প্রমাণিত হয়েছে। এখন আষাঢ় মাস। এই জন্যই আমি বলি, তাদের আষাঢ়ের তর্জন-গর্জনই সার।’
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আহমেদ হোসেন,
আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান, মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।