আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অবকাঠামো উন্নয়নকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। ছিল বড় বড় অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি। কিন্তু তিন বছরে পদ্মা সেতু ছাড়া আর কোনো বড় প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি তেমন নেই। পদ্মা সেতু প্রকল্পে ৪০ শতাংশ কাজ এগিয়েছে। বেশির ভাগ বড় প্রকল্পের মূল কাজই শুরু করা যায়নি।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বড় প্রকল্পের নাম উল্লেখ করে নির্মাণকাজ ‘সম্পন্ন’ করার প্রতিশ্রুতি ছিল। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো ১ হাজার ৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ, পায়রা গভীর বন্দর, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, ঢাকা-কক্সবাজার রেলসংযোগ, ঢাকা-মোংলা রেলসংযোগ। ইশতেহারে বলা আছে, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। এসব প্রকল্পের কিছু নির্বাচনের আগেই নেওয়া হয়েছিল; কিছু প্রকল্প ক্ষমতা গ্রহণের পর নেওয়া হয়।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিগত তিন বছরে সরকার এলএনজি টার্মিনাল নির্মাণ, রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটা কাঙ্ক্ষিত। এসব প্রকল্প যত দ্রুত হবে, তত বেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। এর সুফল মিলবে অর্থনীতিতে।
কিন্তু একমাত্র পদ্মা সেতু ছাড়া অন্য কোনোটির কাজ শুরু হয়নি বললেই চলে। এতে এসব প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়বে। বেশি খরচ হলে প্রকল্পগুলো থেকে সাশ্রয়ী মূল্যে সুবিধা পাওয়ার সুযোগও কমে যাবে।
দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার প্রকল্পগুলোকে ‘ফাস্ট ট্র্যাক’-এর আওতায় আনা হয়। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্পগুলো অগ্রগতি তদারক করা হয়। ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো মনিটরিংয়ের জন্য গঠিত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বর্তমানে ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি খাতের মোট ১০টি প্রকল্প আছে। সর্বশেষ অক্টোবর মাস পর্যন্ত অগ্রগতি প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, পদ্মা সেতু ছাড়া আর কোনো বড় প্রকল্পের কাজ খুব বেশি এগোয়নি।
ইআরডির অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলনামূলক বেশি। অন্য প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রতিটি সভায় তাগাদা দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বিষয়ে সচেতন আছেন। ইতিমধ্যে কীভাবে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে, সে জন্য একটি নির্দেশিকাও তৈরি করে দেওয়া হয়েছে।
পদ্মা সেতু
২০০৯ সালে নেওয়া এ প্রকল্প একাধিকবার সংশোধনের পর ব্যয় দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। গত ডিসেম্বর মাস পর্যন্ত খরচ হয়েছে ১২ হাজার ২৭৩ কোটি টাকা। পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা অংশে সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন মূল সেতু নির্মাণের কাজ চলছে।
তবে গত তিন বছরে প্রতি বাজেটে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর পুরোটা খরচ করা সম্ভব হয়নি। চলতি অর্থবছরে ৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও সেতু বিভাগ ১ হাজার ৩৫২ কোটি টাকা ফেরত দিচ্ছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ২০১৮ সালের মধ্যে এ সেতু নির্মাণকাজ শেষ করার কথা আছে।
জ্বালানি
নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা অন্যতম প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মূল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হবে ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা। গত ডিসেম্বর মাসে ইতিহাসের সর্ববৃহৎ এ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাসের মধ্যে পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণসহ প্রস্তুতি কাজ সম্পন্ন করার জন্য ২০১৩ সালে পাঁচ হাজার কোটি টাকার আলাদা প্রকল্প নেওয়া হয়। আগামী জুন মাসের মধ্যে প্রস্তুতিপর্বের এ প্রকল্প শেষ হবে।
আরেক অগ্রাধিকার প্রকল্প হলো ১ হাজার ৩২০ মেগাওয়াটের বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্ট বা রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র। ২০০৯ সালে ১৫ হাজার ৯১৯ কোটি টাকার এ প্রকল্পের যাত্রা শুরু হয়। কিন্তু গত জুন মাস পর্যন্ত গত আট বছরে খরচ মাত্র ২৭৬ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হার মাত্র পৌনে ২ শতাংশ। জমি অধিগ্রহণ, পরামর্শক নিয়োগে এ টাকা খরচ হয়েছে। এখনো মূল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়নি। মূল কেন্দ্র নির্মাণের জন্য গত ১২ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (ভেল) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। এ প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করে পরিবেশবাদীরা তীব্র আপত্তি জানিয়ে আসছেন। ২০২০ সালে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা।
কক্সবাজারের মহেশখালীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৪ সালের জুন মাসে। প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। গত আড়াই বছরে অগ্রগতি মাত্র জমি অধিগ্রহণ, সীমানাপ্রাচীর নির্মাণ। এখনো ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি।
গত তিন বছরে চট্টগ্রামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল বা এলএনজি টার্মিনাল নির্মাণের মূল কাজই শুরু করা যায়নি। তবে পাঁচ বছর ধরে নানা দেনদরবারের পর গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে ঠিকাদারি চুক্তি হয়েছে।
যোগাযোগ
নির্বাচনী ইশতেহারে ঢাকা-মোংলা রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার প্রায় আড়াই বছর পর গত মে মাসে পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা থেকে খুলনা পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প পাস করা হয়। এতে খরচ ধরা হয় ৩৪ হাজার ৯৮ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত এবং ২০২২ সালের মধ্যে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্য আছে। কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র।
রাজধানীর সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগের কথাও নির্বাচনী ইশতেহারে আছে। ক্ষমতার আসার প্রায় সোয়া দুই বছর পর গত বছরের এপ্রিল মাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের পুরোনো একটি প্রকল্পকে সংশোধন করে একনেকে পাস করা হয়। মিয়ানমারের ঘুমধুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কথা থাকলেও ২০১৮ সালের মধ্যে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীতে মেট্রোরেল নির্মাণের মূল কাজ এখনো শুরু হয়নি। কিন্তু গত সেপ্টেম্বর মাস পর্যন্ত মাত্র ৯১৫ কোটি টাকা খরচ হয়েছে। বাস্তবায়নের হার মাত্র ৪ শতাংশ। এ প্রকল্প ২০১২ সালে শুরু হলেও কাজ শুরু হয় সরকারের চলতি মেয়াদে। এখন মিরপুর এলাকায় বিদ্যুৎসহ অন্য পরিষেবার লাইন পুনঃস্থাপনের কাজ চলছে। ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ করার কথা।
পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ২০১৫ সালে ১ হাজার ১২৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় এখনো জমি অধিগ্রহণ, ওয়্যারহাউস নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু হয়নি। তবে আগে নির্মাণ করা অবকাঠামো দিয়ে সীমিত পরিসরে পায়রা বন্দরে কার্যক্রম শুরু হয়েছে।
কক্সবাজারের সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা শেষ হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিতে নির্মাণ করার কথা থাকলেও এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) পদ্ধতিতে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।