পদ্মা সেতু দুর্নীতিতে জড়িতদের নাম প্রকাশ করুন: ড. কামাল
জাতির বৃহত্তর স্বার্থে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের প্রতিনিধি বৈঠকে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন এ আহ্বান জানান। তিনি বলেন, ‘যাঁরা পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের নাম জনসমক্ষে প্রকাশ করুন। দুর্নীতিবাজেরা যতই শক্তিশালী হোন না কেন, তাঁদের পালানোর পথ নেই।’বাঙালিকে সাহসী জাতি হিসেবে উল্লেখ করে এই প্রবীণ রাজনীতিক বলেন, দুর্নীতি এখন গোটা জাতিকে আঁকড়ে ধরেছে। তিনি বলেন, ‘এটিকে অবশ্যই বন্ধ ও নির্মূল করতে হবে।’ড. কামাল হোসেন বলেন, ‘অল্প কিছু ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত...দেশের ৯৯ শতাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত নন।’বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনগুলোর রাজনৈতিকীকরণকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন এই সংবিধান বিশেষজ্ঞ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আশীর্বাদ নিয়ে পেশাজীবী নেতারা এখন নির্বাচনে অংশ নিচ্ছেন। এটা কঠিন ব্যাধিতে পরিণত হয়েছে।ড. কামাল বলেন, ‘দেশে আমরা তিন ধরনের বাণিজ্য দেখতে পাই। এগুলো হলো—নিয়োগ, মনোনয়ন ও ভর্তি-বাণিজ্য। এটা অপ্রত্যাশিত।’ ইউএনবি।